রামেক করোনা ইউনিটে মৃত্যুর মিছিল থামছেই না

আপডেট : ০৯ জুলাই ২০২১, ১০:৪০

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ও উপসর্গে মৃত্যুর মিছিল থামছে না। এ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এদের মধ্যে ৩ জন করোনা পজিটিভ এবং ১৫ জন উপসর্গে মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে জুলাই মাসের ৯ দিনে রামেক হাসপাতালে করোনা ও উপসর্গে ১৫৭ জনের মৃত্যু হলো। আর জুন মাসে মৃত্যু হয়েছে ৩৫৪ জনের।

খুলনা বিভাগে করোনায় আরও ৫১ জনের মৃত্যু, শনাক্ত ১৭৩২

রামেক পরিচালক জানান, নতুন মৃতদের ১০ জন রাজশাহীর (পজিটিভ ২, উপসর্গে ৮), চাঁপাইনবাবগঞ্জের ২ জন (উপসর্গে), নাটোরের ২ জন (উপসর্গে), নওগাঁয় ১ জন (পজিটিভ), কুষ্টিয়ার ১ (উপসর্গে) ও সিরাজগঞ্জে ১ জন।

তিনি বলেন, আজ শুক্রবার সকাল পর্যন্ত এ হাসপাতালের ৪৫৪ বেডের বিপরীতে করোনা ও উপসর্গের রোগী ভর্তি রয়েছেন ৫০১ জন। গতকাল বৃহস্পতিবার ভর্তি ছিলেন ৪৮৫ জন। অতিরিক্ত বেডের ব্যবস্থা করে অতিরিক্ত রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে। শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৭৪ জন। একই সময়ে সুস্থ হয়ে রামেক হাসপাতাল ছেড়েছেন ৫২ জন।

রামেক পরিচালক জানান, বৃহস্পতিবার রাজশাহীর দুই ল্যাবে দুই জেলার ৫৬২ জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হয়েছে ১০৪ জনের। এদিন রাতে প্রকাশিত দু’টি পিসিআর ল্যাবের নমুনার ফলাফলে দেখা যায়, রাজশাহী শনাক্তের হার ১৮ দশমিক ১৬ শতাংশ, চাঁপাইনবাবগঞ্জে শনাক্তের হার ২০ দশমিক ৪৮ শতাংশ।

ইত্তেফাক/এমআর