জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) রসায়ন বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী ১৫ দিন ধরে নিখোঁজ জাহিদ হাসান রাজুর সন্ধানের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
শুক্রবার (৯ জুলাই) বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
.jpg)
মানববন্ধনে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী রাকিবুল রনি বলেন, ‘একাত্তরের মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধাদের যেভাবে গুম করা হতো আজ বাংলাদেশেও সেই পরিস্থিতি বিরাজ করছে। আজ বিশ্ববিদ্যালয়ের একজন বর্তমান শিক্ষার্থীকে নিখোঁজ করা হয়েছে কাল একজন শিক্ষকও নিখোঁজ হতে পারে। তাই শিক্ষার্থীকে ফিরে পেতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।’
দর্শন বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম রিহান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর ১৫ দিন ধরে নিখোঁজ রয়েছে অথচ কারও কোন মাথাব্যথা নেই। যতদ্রুত সম্ভব নিখোঁজ জাহিদকে ফিরিয়ে দিতে হবে।’
রসায়ন বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী ইকবাল হোসাইন বলেন, ‘কেউ কোন অন্যায় করে থাকলে তার বিচারের জন্য রাষ্ট্রীয় আইন রয়েছে। তবে গুম বা নিখোঁজ করার কোন নিয়ম নেই। নাগরিকদের মনে ভীতি সৃষ্টির পায়তারা হিসেবেই নিখোঁজ বা গুমের ঘটনা ঘটছে।’
ইংরেজি বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী তাসবিবুল গণি নিলয়ের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন প্রত্নতত্ত্ব বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী সৌমিক বাগচী ও রসায়ন বিভাগের ৪২তম ব্যাচের রুস্তম আলী।
এর আগে, গত বৃহস্পতিবার (২৪ জুন) রাজধানী মিরপুরের মেস থেকে মাগরিবের নামাজ পড়তে বের হয়ে জাহিদ আর ফিরে আসেননি। তখন থেকেই তার ব্যবহৃত মোবাইল দু’টি বন্ধ পাওয়া যায়। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পাওয়ায় শনিবার (২৬ জুন) পল্লবী থানায় একটি অভিযোগ দায়ের করে পরিবার (জিডি নং- ২৩৯২)।
ইত্তেফাক/এমএএম
