বাংলার মুখ : ভাটি এলাকায় মাছ ধরা

আপডেট : ০৯ জুলাই ২০২১, ২১:৩৭

 

ভাটি এলাকায় ভরা বর্ষা মৌসুমে সাধারণত ছিপ জাল, কড়া জাল, ঠেলা জাল, কটি জাল, কৈ মাছ আটকানোর হালকা চিকন সূঁতোর জাল এবং শুকনো মৌসুমে কইন্যা জাল ইত্যাদি মাছ ধরার কাজে ব্যবহূত হয়। তাছাড়া সাধারন ছোট ছিপ বড়শি ছাড়াও বোয়াইল্যা বড়শি, লার বড়শি, চুঙি বড়শি ইত্যাদি দ্বারাও মাছ ধরা হয়। খাঁচার ন্যায় এক ধরনের বাঁশের বেতের তৈরি ‘বাইর’ পানির মধ্যে ডুবিয়ে রেখে অভিনব কৌশলে নানান জাতের সুস্বাদু ছোট মাছ ধরা হয়। আবার কখনো কখনো নৌকার গুলুইয়ে তাক করে দাঁড়িয়ে থেকে লম্বা কোচ দিয়েও পাকা শিকারির ন্যায় নিশানা করে বড় বড় রুই, কাতলা, শোল, বোয়াল মাছ গেঁথে ফেলে ধরা হয়।

শুকনো মৌসুমে হাওর, খাল-বিল কিংবা ধান ক্ষেতের হাঁটু সমান পানিতে দল বেঁধে গায়ের লোকজন এক কাতারে দাঁড়িয়ে হাতে পানি টেনে টেনে কাদাজলের নরমস্থানে ছোট-মাঝারি গর্তে আশ্রয় নেয়া পুটি-টেংরাসহ অন্যান্য ছোট মাছ ধরে থাকে। এছাড়া পানির নিচে ডুব দিয়ে গর্তে লুকিয়ে থাকা মাছ ধরার পদ্ধতিটিও প্রচলিত আছে অনেক এলাকায়। বেতের ঝাঁপি বা পল দিয়ে ছোট-বড় পুকুরের মত পাগাড় বা খইন, ডোবা ইত্যাদি সেঁচে পানি শুকিয়ে প্রচুর জিয়ল মাছ ধরা হয়।

শহীদুল হক বাদল