মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাঁশতৈল ইউনিয়নের গায়রাবেতিল-বালিয়াজান রাস্তার অবস্থা খুবই করুণ। গায়রাবেতিল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশারফ হোসেন জানান, এ রাস্তার আশপাশে গায়রাবেতিল উচ্চবিদ্যালয়, বালিয়াজান উচ্চবিদ্যালয়সহ অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা যাতায়াত করে। একটু বৃষ্টি হলে রাস্তা চলাচল অনুপযোগী হয়ে পড়ে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আতিকুর রহমান মিল্টন বলেন, রাস্তাটি পাকাকরণের জন্য এলজিইডি, এমপি ও উপজেলা চেয়ারম্যানকে অনুরোধ করা হয়েছে। উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোহাম্মদ আরিফুর রহমান বলেন, গায়রাবেতিল-বালিয়াজানসহ বাঁশতৈল ইউনিয়নের বেশ কয়েকটি রাস্তার উন্নয়নের জন্য প্রকল্প তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রকল্প অনুমোদন ও বরাদ্দ এলে কাজ করা হবে।
