রাজশাহীতে করোনার সংক্রমণ কমছে

আপডেট : ০৯ জুলাই ২০২১, ২১:৪৭

আনিসুজ্জামান, স্টাফ রিপোর্টার, রাজশাহী

মাস জুড়ে লকডাউনের ফলে রাজশাহীতে করোনা ভাইরাসের সংক্রমণের হার কমেছে। বৃহস্পতিবার দুটি ল্যাবে রাজশাহী জেলার ৪৭৯ জনের নমুনা পরীক্ষায় ৮৮ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। যা আগের দিনের চেয়ে ৮ দশমিক ৪১ শতাংশ কম। আগের দিন বুধবার রাজশাহীতে করোনার সংক্রমণের হার ছিল ২৬ দশমিক ৫৭ শতাংশ। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশিত ফলাফলে দেখা যায়, এদিন করোনার সংক্রমণের হার ৮ দশমিক ৪১ শতাংশ কমে হয়েছে ১৮ দশমিক ১৬ শতাংশ। এর আগের দিন গত মঙ্গলবার রাজশাহীতে করোনা সংক্রমণের হার ছিল ২১ দশমিক ৯২ শতাংশ। গত সোমবার ছিল ২৯ দশমিক ০৩ শতাংশ, গত রবিবার ছিল ৩৪ দশমিক ০৯ শতাংশ এবং শনিবার ছিল ৩৩ দশমিক ৮৩ শতাংশ।

উল্লেখ্য, সারা দেশে চলমান বিধিনিষেধের মধ্যেই গত ১১ জুন বিকাল ৫টা থেকে রাজশাহীতে এক সপ্তাহের কঠোর লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন। তখন রাজশাহীতে করোনার সংক্রমণের হার ৬০ শতাংশে উঠে যায়। এক সপ্তাহের লকডাউনে সংক্রমণের হার না কমায় কঠোর লকডাউনের সময়সীমা আরো এক সপ্তাহ বাড়িয়ে ২৪ জুন মধ্যরাত করা হয়। এতেও করোনার সংক্রমণের হার না কমায় আরো এক সপ্তাহ বাড়িয়ে কঠোর লকডাউন ৩০ জুন মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়। ইতিমধ্যে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার ১ জুলাই থেকে সারা দেশে কঠোর লকডাউন ঘোষণা করে। ফলে স্থানীয় কঠোর লকডাউনের সঙ্গে সারা দেশের কঠোর লকডাউন যোগ হওয়ায় রাজশাহীতে প্রায় মাস জুড়েই লকডাউন চলছে।

ল্যাব সূত্র জানায়, বৃহস্পতিবার রাজশাহী মেডিক্যাল কলেজ ভাইরোলজি ল্যাব এবং রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মলিকুলার ল্যাবে দুই জেলার ৫৬২ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ এসেছে ১০৪ জনের। রাজশাহী জেলা ছাড়াও চাঁপাইনবাবগঞ্জের ৮৩ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের শরীরে করোনা পাওয়া গেছে। ফলে এ জেলায় করোনা সংক্রমণের হার দাঁড়িয়েছে ২০.৪৮ শতাংশ।

এদিকে, রাজশাহী শহরে পরিচালিত র্যাপিড অ্যান্টিজেন টেস্টে করোনা সংক্রমণের গড় হার আগের চেয়ে কিছুটা বেড়েছে। রাজশাহী মহানগরীতে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সাহেববাজার জিরোপয়েন্ট এবং লক্ষ্মীপুরসহ ১০টি স্পট এবং একটি ভ্রাম্যমাণ স্পটে ৭৯৬ জনের করোনার র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়। এতে ১১১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়, শনাক্তের হার ১৩ দশমিক ৯৪ শতাংশ। এসব পয়েন্টের মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ পাওয়া গেছে সাহেববাজার জিরোপয়েন্টে। এখানে ১০০ জনের পরীক্ষায় ২২ জনের করোনার সংক্রমণ ধরা পড়েছে। এরপর নগরীর ভদ্রা মোড় (অস্থায়ী বাসস্ট্যান্ড) এলাকায় ১০০ জনের পরীক্ষায় করোনার সংক্রমণ ধরা পড়েছে ১৭ জনের।