লকডাউনে ফাঁকা আক্কেলপুর শহর

আপডেট : ০৯ জুলাই ২০২১, ২১:৪৮

আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা

চলমান লকডাউনের দশম দিনে শুক্রবার জয়পুরহাটের আক্কেলপুরে উপজেলা প্রশাসন ও পুলিশের পাশাপাশি কাজ করছেন সেনাবাহিনীর সদস্যরা। সেনাবাহিনী টহলের খবরে উপজেলার বাজার, রেল স্টেশন, গুরুত্বপূর্ণ স্থান ও সড়কগুলো জনশূন্য হয়ে পড়েছে।

শুক্রবার সকালে দেখা যায়, উপজেলার বিভিন্ন হাটবাজারে জনাকীর্ণ এলাকা প্রায় জনশূন্য। তবে পুলিশ ও স্থানীয় প্রশাসনের এত কঠোর অবস্থানের মধ্যেও জরুরি প্রয়োজনে কিছু মানুষকে বাইরে বের হতে দেখা গেছে। এর সংখ্যা ছিল খুবই কম। তিলকপুর বাজার, গোপিরাথপুর বাজার, জামালগঞ্জ বাজার, রায়কালীসহ বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর পৃথক টিমকে টহল দিতে দেখা গেছে। সার্বিক লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিংও চলছে। বিনা প্রয়োজনে লোকজনের বাইরে আসা বন্ধে কাজ করছেন তারা। যারা জরুরি প্রয়োজনে ঘরের বাইরে আসছেন, তাদের স্বাস্থ্যবিধি নিশ্চিতেও কাজ করছেন উপজেলা প্রশাসন ও  সেনাসদস্যরা। নামপ্রকাশে অনিচ্ছুক এক পথচারী বলেন, করোনা রোধে মানুষ ঘরে থাকছে ঠিকই। তবে জরুরি প্রয়োজনে বাইরে বের হলে প্রশাসনের গাড়ির শব্দ পেলেই দৌড়ে পালাচ্ছে। প্রশাসনের লোকজনকে আরো কঠোর হওয়া দরকার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম হাবিবুল হাসান বলেন, স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। করোনাকালীন মানুষকে ঘরে রাখতে ও সুস্থ রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।