শেবাচিমে জেলা-উপজেলা থেকে সাধারণ রোগী পাঠাতে নিষেধাজ্ঞা

আপডেট : ০৯ জুলাই ২০২১, ২১:৪৯

বরিশাল অফিস

দিন দিন করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বরিশাল বিভাগের জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সাধারণ রোগীদের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে আসতে নিষেধাজ্ঞা জারি করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বাসুদেব কুমার দাস গতকাল শুক্রবার জানান, করোনা সংক্রমণ বরিশাল জুড়ে দিন দিন বৃদ্ধি পেয়েই চলেছে। যার মধ্যে বরিশাল নগরীতে আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি। সব দিক বিবেচনায় নিয়ে সাধারণ রোগী যারা রয়েছে যেমন—সাধারণ জখমি, সর্দি বা কাশির রোগী, অর্থাত্ যেসব চিকিত্সা জেলা ও উপজেলা হাসপাতালে সম্ভব, সেই সব রোগীদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে আসতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বাসুদেব কুমার দাস আরো বলেন, এমনিতেই শেবাচিম হাসপাতালের আন্তঃবিভাগে প্রতিদিন দেড় থেকে দুই হাজার রোগী ভর্তি থাকেন। এছাড়া বহির্বিভাগে রোগীর সংখ্যা তো এমনিতেই অনেক। এর মধ্যে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এই রোগীদের সংখ্যা আরো বৃদ্ধি পাওয়ায় চিকিত্সকদের হিমশিম খেতে হচ্ছে। যেসব রোগীর চিকিত্সা জেলা বা উপজেলা হাসপাতালে সম্ভব তারাও ভিড় করছেন এই হাসপাতালে। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে বিভাগের সব জেলার সিভিল সার্জন ও উপজেলা হাসপাতালে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে।