ইত্তেফাক ডেস্ক
বিভিন্ন স্থানে শুক্রবার সড়ক দুর্ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
রাজশাহী :রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোপালপুর বাজারে মাহিন্দ্রা ও ট্রাকের সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত আরেক জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভোর সোয়া ৫টায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গোপালপুর বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মাধব হাওলাদার ও মাহিন্দ্রার চালক সেলিম রেজা। গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বলেন, গোপালপুর বাজারে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে নিয়ন্ত্রণহীন মাহিন্দ্রা এসে ধাক্কা দিলে চালকসহ দুই জনের মৃত্যু হয়।
কুমিল্লা সদর দক্ষিণ :কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মস্তাপুর নামক স্থানে সকাল ৮টায় গাড়িচাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এসময় এক বাকপ্রতিবন্ধী যুবক আহত হয়। কুমিল্লা সদর দক্ষিণ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল করিম জানান, চট্টগ্রামগামী মোটরসাইকেল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মস্তাপুর নামক স্থানে পৌঁছালে অজ্ঞাত গাড়িচাপায় ফেনী সদরের এ এস এম সাইফুল কবির ঘটনাস্থলে মারা যান। ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে।
নাগেশ্বরী (কুড়িগ্রাম) :নাগেশ্বরীতে ট্রাক্টরের ধাক্কায় এক বৃদ্ধ মারা গেছেন। দুপুর ১২টার দিকে একটি ইটের খোয়া বোঝাই ট্রাক্টর মাদারগঞ্জ-ভূরুঙ্গামারী সড়ক ধরে যাওয়ার সময় বল্লভেরখাস ইউনিয়নের পুরাতন গোডাউন মোড় এলাকায় উলটে যায়। এসময় ট্রাক্টরের ডালা সড়কে গাছের পাশে দাঁড়িয়ে থাকা মোন্নাফ আলীকে ধাক্কা দেয়। মৃত মোন্নাফ উদ্দিন বল্লভেরখাস ইউনিয়নের হাছিগ্রামের মৃত হাছি দেওয়ানীর ছেলে। কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
