লকডাউনে আটকে পড়া শিক্ষার্থীদের তালিকা চেয়েছে ইবি প্রশাসন
ইবি (কুষ্টিয়া) সংবাদদাতা চলমান লকডাউনে ক্যাম্পাসের আশপাশে এবং কুষ্টিয়া-ঝিনাইদহ শহরের বিভিন্ন মেসে আটকে পড়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের তালিকা চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন দৈনিক ইত্তেফাককে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কুষ্টিয়া-ঝিনাইদহ ও বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী মেসে কতজন শিক্ষার্থী রয়েছে তার তালিকা করা হচ্ছে। আগামী ১২ জুলাই বেলা ১১টা পর্যন্ত নির্ধারিত গুগল ফরমে শিক্ষার্থীরা তথ্য দিতে পারবে। তিনি আরো বলেন, সেদিনই বিশ্ববিদ্যালয় আইসিটি সেল শিক্ষার্থীদের তালিকা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবে। তালিকা দেখে পরিস্থিতি বিবেচনায় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
স্বরূপকাঠিতে অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মীভূত
স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা স্বরূপকাঠিতে বৃহস্পতিবার গভীর রাতে অগ্নিকাণ্ডে খায়রুল ইসলাম নামে এক ব্যবসায়ীর বসতঘর ভস্মীভূত হয়েছে। উপজেলার সোহাগদল গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী খায়রুল ইসলাম। প্রত্যক্ষদর্শীরা জানান, ঐ রাতে খায়রুলের ঘরে আগুন দেখে এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। তার আগেই আগুনের লেলিহান শিখায় তার বসতঘর ভস্মীভূত হয়। ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আরিফুজ্জামান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়। তবে তার আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে।
সাতকানিয়ায় গ্যাস সিলিন্ডার লিকেজের আগুনে দগ্ধ ৫
সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা সাতকানিয়ায় রান্নাঘরের গ্যাসের সিলিন্ডার থেকে গ্যাস লিকেজের সৃষ্ট আগুনে দগ্ধ হয়েছেন এক নারীসহ পাঁচ জন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে সাতকানিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের উত্তর চরপাড়া মনটানা ক্লাবের পেছনের এলাকার সৈয়দ আহমদের বাড়িতে এ ঘটনা ঘটে। অগ্নিদগ্ধরা হলেন :ঐ এলাকার মৃত আবদু শুক্কুরের ছেলে হেলাল উদ্দিন (৩০), মৃত আলী আহমদের ছেলে দেলোয়ার হোসেন (৪২), সৈয়দ আহমদের মেয়ে খালেদা বেগম (৪২), তার স্বামী শাহ আলম (৫৫) ও ছেলে মো. শাহনেওয়াজ (২৩)। স্থানীয় পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম সোহেল বলেন, সৈয়দ আহমদ প্রকাশ কালা পুতুনের বাড়ির রান্নাঘরের গ্যাসের সিলিন্ডার থেকে গ্যাস লিকেজের সৃষ্ট আগুনে পাঁচ জন দগ্ধ হয়েছে। তাদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। সাতকানিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. রবিউল বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। সিলিন্ডারটি পুকুরে ফেলে দেওয়া হয়েছে। গ্যাসের সিলিন্ডার থেকে গ্যাস লিকেজের কারণে আগুনের সূত্রপাত হয়েছে। আহত পাঁচ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম এ মজিদ ওসমানী বলেন, অগ্নিদগ্ধ পাঁচ জনকে হাসপাতালে আনা হলে প্রাথমিক চিকিত্সা শেষে তাদের চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
পাকুন্দিয়ায় ইয়াবাসহ আটক এক
কিশোরগঞ্জ প্রতিনিধি র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের আভিযানিক দল শুক্রবার দুপুরে ১ হাজার ২৫০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে। পাকুন্দিয়া উপজেলার চওদেওকান্দি গ্রাম থেকে কায়েস (৩৩) নামের ঐ ব্যক্তিকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১ হাজার ২৫০ পিস ইয়াবা, একটি মোবাইল ফোন ও নগদ ৭০০ টাকা উদ্ধার করা হয়। কায়েসের বাড়ি কটিয়াদী উপজেলার ডাঙ্গেরগাঁও গ্রামে। র্যাব কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার বিএনএম শোভন খান জানান, এ ব্যাপারে পাকুন্দিয়া থানায় মামলা দায়েরের পর আসামিকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
লকডাউনে সমন্বয় টিমের তত্পরতা
নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনায় লকডাউন কঠোরভাবে পালনের জন্য শুক্রবার সেনাবাহিনী, পুলিশ, আনসার, রেডক্রিসেন্টসহ বিভিন্ন সংগঠন সমন্বয়ে একটি টিম শহরের বিভিন্ন সড়কে নেমেছিল। এ সময় সঙ্গে ছিলেন জেলা প্রশাসক কাজি আবদুর রহমান, পৌর মেয়র নজরুল ইসলাম খান প্রমুখ। এ টিম সড়কে শহরের মোক্তারপাড়া মগড়া সেতু, শহিদ মিনার সড়ক, ছোট বাজার সড়ক, তেরী বাজার সড়ক, বড়বাজার সড়ক, বারহাট্টা রোডসহ বেশ কয়েকটি সড়কে অবস্থান নেয় এবং পথচারীদের সঙ্গে কথা বলে।
