বিনোদন রিপোর্ট
চিত্রনায়িকা শাহনূর। পুরো নাম সৈয়দা কামরুন নাহার শাহনূর। এমনকি ফেসবুক আইডিতেই এই নামটিই রয়েছে। বেশ ক’মাস আগে নিজের ফেসবুক হ্যাকড হয়ে গেলে পাসপোর্টে দেওয়া নাম দিয়েই আইডি খোলেন।
তাই অনেকেই এই দীর্ঘ নামে অবাক হন। শাহনূর বলেন, ‘এই করোনাকালীন আমাদের অনেককিছুই নির্ভর করছে ফেসবুক, ইউটিউবসহ নানা সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর। তাই নিজের নামের ব্র্যান্ডিংটাও খুব জরুরি।’
এদিকে করোনার কারণে সবকিছুই থমকে গেলে নিয়মিত কাজের ক্ষেত্রে শাহনূরেরও একইভাবে থামতে হয়েছে। নতুন একটি ছবির কাজ শুরু হয়ে মাঝপথে আটকে আছে। ‘প্রেম পিরিতির বন্ধন’ নামের এই ছবিটি প্রসঙ্গে শাহনূর বলেন, ‘অনেকগুলো কাজই মাঝপথে আটকে আছে। এমনিতে গতবছর থেকেই আমি দুঃস্থ শিশুদের জন্য নানা সেবামূলক কাজ করে আসছি।’
ফিল্ম ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থা প্রসঙ্গে শাহনূর আরো বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের যে সুব্যবস্থা করে দিলেন তাতে একজন শিল্পী হিসেবে সত্যিই সম্মানবোধ করি। গর্বিত হই এই ভেবে যে আমাদের এমন একজন শিল্পীবান্ধব প্রধানমন্ত্রী রয়েছেন।’
নতুন কাজ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার নিজের দুটি চ্যারিটি সংগঠন রয়েছে। ইচ্ছে আছে সেগুলো নিয়ে নিয়মিত কাজ করার। এর পাশাপাশি করোনার এই সংকট গেলে আটকে যাওয়া কাজগুলো শেষ করবো।’
