বিনোদন ডেস্ক
প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন হূত্বিক রোশন ও দীপিকা পাডুকোনকে। সিদ্ধার্থ আনন্দের নতুন সিনেমা ‘ফাইটার’-এ দেখা মিলতে যাচ্ছে তাদের। গতকাল বিকেলে দীপিকা, হূত্বিক ও সিদ্ধার্থ সিনেমাটি নিয়ে আলোচনা শেষ করেছেন। দীপিকার সঙ্গে নিজের একটা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে খবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন হূত্বিক। ছবির ক্যাপশনে হূত্বিক লিখেছেন, ‘এই গ্রুপটি ফাইটারের শুটিং শুরুর জন্য প্রস্তুত।’ সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা সিদ্ধার্থ বলেন, ‘বড় বাজেটে গতানুগতিক গল্পের বাইরে সিনেমাটি নির্মিত হচ্ছে। সিনেমাটির মূল দুটি চরিত্রের জন্য দীপিকা ও হূত্বিককে আমাদের যোগ্য মনে হয়েছে। তাই তাদের কাস্ট করেছি। এরিয়াল অ্যাকশন সিনেমা হিসেবে শুধু ভারতে নয়, সারাবিশ্বের ভালো সিনেমার তালিকাতে সিনেমাটি রাখতে চাই।’ উল্লেখ্য, বিভিন্ন দেশের বিখ্যাত সব লোকেশনে শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হবে। এছাড়া সিনেমাটিতে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করবেন নির্মাতা। সিনেমাটি ২০২২ সালে মুক্তি দেওয়ার কথা জানিয়েছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ।
