‘এই চরিত্রটির অপেক্ষায় ছিলাম’

আপডেট : ০৯ জুলাই ২০২১, ২১:৫২

 বিনোদন ডেস্ক

 

ক্যারিয়ারে খুব অল্প দিনে বলিউডে নিজের আস্থার জায়গা তৈরি করেছেন অভিনেত্রী সানিয়া মালহোত্রা। তার অভিনীত ‘পাগলায়েট’ সিনেমাটি ব্যবসা সফলতার পাশাপাশি দারুণ প্রশংসিত হয়। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার নতুন একটি সুপারহিট সিনেমার সিক্যুয়েলে অভিনয় করতে যাচ্ছেন তিনি। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি পোস্টের  মাধ্যমে সিনেমাটিতে অভিনয়ের সুখবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন এই অভিনেত্রী। পোস্টটিতে সানিয়া লিখেছেন, ‘এইচ আই টি টিমের সঙ্গে যুক্ত হতে পেরে আমি ভীষণ আনন্দিত। এমন কিছুই খুঁজছিলাম। কাজ শুরুর অপেক্ষায় আছি।’

জানা গেছে, তেলেগু অ্যাকশন থ্রিলার সিনেমা ‘এইচ আই টি’র হিন্দি রিমেকে অভিনয় করবেন সানিয়া। সিনেমাটিতে একজন নিখোঁজ মহিলার চরিত্রে হাজির হবেন তিনি এবং তার বিপরীতে দেখা যাবে রাজকুমার রাওকে। তিনি একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করবেন। এরইমধ্যে সিনেমাটির প্রি-প্রডাকশনের কাজ শুরু করেছেন নির্মাতা শৈলেশ কলানু। উল্লেখ্য, সিনেমাটির তেলেগু ভার্সনটিও শৈলেশ কলানুই নির্মাণ করেছিলেন। সিনেমাটিতে অভিনয় নিয়ে উচ্ছ্বসিত সানিয়া বলেন, ‘সিনেমাটির তেলেগু ভার্সন ও স্ক্রিপ্ট আমি দেখেছি। সিনেমাটির গল্প ও নিজের চরিত্রটি আমার খুবই পছন্দ হয়েছে। তাই সিনেমাটিতে অভিনয়ের প্রস্তাব পাওয়ার সঙ্গে সঙ্গেই হ্যাঁ বলে দিয়েছি। সিনেমাটির গল্প আমাদের চারপাশের মানুষগুলোর সঙ্গে সম্পৃক্ত। এমন একটি গল্প ও চরিত্রের অপেক্ষায় ছিলাম। এই সিনেমাটিতে নিজেকে ভাঙার সুযোগ পাবো। এছাড়া রাজকুমারের সঙ্গে কাজের সুযোগ পেয়ে আমি খুবই উচ্ছ্বসিত। আশা করছি দারুণ কিছু নিয়ে ভক্তদের সামনে হাজির হতে পারবো।’

উল্লেখ্য, এ বছরের শেষের দিকে সিনেমাটির শুটিং শুরু হবে। সিনেমাটি প্রযোজনায় করবেন ভূষণ কুমার, দিল রাজু, কৃষ্ণ কুমার ও কুলদ্বীপ রাঠোর।