সুইডেনে স্কাইডাইভারদের বহনকারী উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৯

আপডেট : ০৯ জুলাই ২০২১, ২১:৫৫

বিবিসি ও রয়টার্স

সুইডেনের ওরেব্রো শহরের কাছে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৯ আরোহীর সবাই নিহত হয়েছে। স্থানীয় পুলিশের বরাতে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ডিএইচসি-২ টারবো বিভার উড়োজাহাজটি বৃহস্পতিবার এই দুর্ঘটনায় পড়ে।

আট জন স্কাইডাইভার ও এক জন পাইলট ছিলেন ঐ উড়োজাহাজে। ওরেব্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই রানওয়ের কাছে সেটি বিধ্বস্ত হয় এবং এতে আগুন ধরে যায়। পুলিশের ওয়েবসাইটে বলা হয়, ‘এটা খুবই ভয়াবহ দুর্ঘটনা। বিধ্বস্ত বিমানের সব আরোহী মারা গেছেন।’ সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফান লোফভেন এক টুইটে বলেন, ‘আমি খুবই মর্মাহত ও ব্যথিত। কঠিন এই সময়ে নিহতদের পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি আমার সমবেদনা।’

২০১৯ সালে সুইডেনের উত্তরে একই ধরনের আরেকটি দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছিল। ঐ উড়োজাহাজটিতেও স্কাইডাইভারদের বহন করা হচ্ছিল এবং উড্ডয়নের পরপরই সেটি বিধ্বস্ত হয়। পরে দুর্ঘটনার তদন্ত থেকে দেখা যায়, সেই বিমানে যাত্রী ও মালামাল তোলার ক্ষেত্রে নিয়ম মানা হয়নি।