বুস্টার ডোজের অনুমোদন চাইতে যাচ্ছে ফাইজার

আপডেট : ০৯ জুলাই ২০২১, ২১:৫৫

আগামী মাসে যুক্তরাষ্ট্রের কাছে আবেদনের পরিকল্পনা

রয়টার্স

টিকার দুই ডোজ নেওয়ার ছয় মাস পর ফের কোভিডে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকায় এবং অতি সংক্রামক ডেলটা ধরনের বিস্তারের কারণে ফাইজার আগামী মাসের মধ্যে তাদের টিকার বুস্টার ডোজের অনুমোদন দিতে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক কর্তৃপক্ষের কাছে আবেদন করার পরিকল্পনা করছে।

ওষুধ নির্মাতা কোম্পানিটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মাইকেল ডলস্টেন বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন। তবে অনেক বিজ্ঞানীই ?টিকার দুই ডোজের পর বুস্টার ডোজের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন। আর যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (এফডিএ) এবং সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এক যুক্ত বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্রের যে নাগরিকরা টিকার দুই ডোজ নিয়েছেন তাদের এখনই বুস্টার ডোজের দরকার নেই। তবে বিজ্ঞান যদি দেখাতে পারে যে তৃতীয় এ ডোজের প্রয়োজনীয়তা আছে, তাহলে আমরা প্রস্তুত, বলেছে তারা। ডলস্টেন বলেছেন, ইসরাইলে টিকার কার্যকারিতা কমে যাওয়া নিয়ে যেসব খবর এসেছে সেখানে বেশির ভাগ ক্ষেত্রে তাদেরই করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে, যারা জানুয়ারি বা ফেব্রুয়ারিতে ভ্যাকসিন নিয়েছিলেন। তিনি বলেন, ডেলটা ধরনের বিরুদ্ধে ফাইজারের টিকা বেশ সক্রিয়। কিন্তু টিকা নেওয়ার ছয় মাস পর পুনরায় আক্রান্ত হওয়ার ঝুঁকি আছে, এ সময় অ্যান্টিবডি হ্রাস পেতে থাকে।

ফাইজার এদিন ইসরাইলে টিকার কার্যকারিতা সংক্রান্ত তথ্যউপাত্তের পুরোটা প্রকাশ না করলেও শিগিগরই প্রকাশ করা হবে বলে আশ্বাস দিয়েছে। ডলস্টেন বলেছেন, সামান্য কিছু তথ্য। কিন্তু আমার মনে হয় প্রবণতা ঠিকই আছে। ছয় মাস পেরিয়ে গেছে। আমরা দেখেছি, করোনা ভাইরাসের ধরনগুলোর মধ্যে ডেলটা সবচেয়ে সংক্রামক। ছয় মাস পেরিয়ে যাওয়ায় এখন এ ধরনের কারণে সংক্রমণ ও মৃদু অসুস্থতা হতে পারে। যুক্তরাষ্ট্রেও টিকা নেওয়ার ছয় মাস পর ৮০ থেকে ৯০-এর মাঝামাঝি বয়সিদের ক্ষেত্রে ভ্যাকসিনের কার্যকারিতা কমছে বলে ফাইজারের তথ্যউপাত্তই বলছে, জানান ওষুধ নির্মাতা কোম্পানিটির এ প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা।