ভারতের কেরালায় জিকা ভাইরাসের রোগী শনাক্ত

আপডেট : ০৯ জুলাই ২০২১, ২১:৫৫

ভারতের কেরালায় একজন জিকা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। করোনার ভয়াবহতার মধ্যে এক অন্তঃসত্ত্বা নারীর রক্তে জিকা ভাইরাস পাওয়া গেছে বলে কেরালার স্বাস্থ্যদপ্তর জানিয়েছে। আরো ১৩ জনের রক্তের নমুনাও পুনের পরীক্ষাগারে পাঠানো হয়েছে। খবর ডয়চেভেলের

ভারতে করোনার প্রকোপ আগের চেয়ে কমলেও এখনো দৈনিক সংক্রমণ ৪০ হাজারের ওপরে। মৃত্যুর হার অবশ্য আগের চেয়ে অনেকটাই কমেছে। এরই মধ্যে নতুন রোগের প্রাদুর্ভাব ঘটেছে কেরালায়। কেরালার সরকার রাজ্য জুড়ে সতর্কতাও জারি করেছে। নতুন ভাইরাস মশাবাহিত। নাম জিকা। এই ভাইরাসের প্রকোপেও মৃত্যু হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

২০১৫ সালে প্রথম খুব ছোট মাথা নিয়ে জন্মানো শিশুদের খবর প্রচার হয় ব্রাজিলে। তার মাত্র কয়েক মাসের মধ্যেই প্রায় ৩ হাজার শিশু মাইক্রোসেফালি নিয়ে জন্মগ্রহণ করে। এই ভাইরাস ভ্রূণের মস্তিষ্ককে আক্রমণ করে বলে চিকিত্সকরা জ্যামাইকার ভাইরাসকে দায়ী করে।

কেরালায় এক গর্ভবতী নারীর শরীরে প্রথম এই ভাইরাস পাওয়া যায়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিত্সকরা জানিয়েছেন, ঐ নারীর সন্তান হয়েছে। সন্তান এবং মা দুই জনেরই চিকিত্সা চলছে। আরো ১৩ জনের শরীরেও এই ভাইরাস আছে বলে সন্দেহ করা হচ্ছে। সকলের রক্তের নমুনা পাঠানো হয়েছে পুনের ল্যাবরেটরিতে।