ভারতে এবার সংক্রমণ কমলেও বেড়েছে মৃত্যু

আপডেট : ০৯ জুলাই ২০২১, ২১:৫৬

ভারতে করোনা ভাইরাসে দৈনিক সংক্রমণ কমলেও বেড়েছে মৃত্যুর সংখ্যা। শুক্রবার সকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৩৯৩ জন। একই সময়ে মারা গেছেন ৯১১ জন। এনডিটিভি

এর আগের দিন দেশটিতে আক্রান্ত হয়েছিল ৪৫ হাজার ৮৯২। একই সময়ে মারা গিয়েছিল ৮১৭ জন। অর্থাত্ দৈনিক সংক্রমণ প্রায় ৫ শতাংশ কমলেও মৃত্যু বেড়েছে প্রায় ১২ শতাংশ। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। প্রতিবেদনে, দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ কোটি ৭ লাখ ৫২ হাজার ৯৫০ জনে। শেষ ২৪ ঘণ্টার ৯১১ জনসহ মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৫ হাজার ৯৩৯ জনে।

অন্যদিকে, ভারতে দৈনিক সংক্রমণের হার তিনের নিচে রয়েছে। গতকাল এই হার দাঁড়িয়েছে ২ দশমিক ৪২ শতাংশে। এই নিয়ে টানা ১৮ দিন সংক্রমণের হার তিনের নিচেই থাকল। সুস্থতার হারও সামান্য বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৪ হাজার ৪৫৯ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ১৯ শতাংশ।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির ৬৪ শতাংশ জেলায় এখনো সংক্রমণের হার ১০ শতাংশের ওপরে। এই জেলাগুলোর মধ্যে বেশির ভাগই উত্তর-পূর্ব ভারতের আটটি রাজ্যের। যার মধ্যে অরুণাচল প্রদেশের ১৮টি জেলায় সংক্রমণের হার সবচেয়ে বেশি।