ইত্তেফাক রিপোর্ট
ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর স্থায়ী ও অস্থায়ী হাটে জাল নোট প্রতিরোধে বিনা খরচে নোট যাচাই সেবা দিবে ব্যাংক। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোতে এ সংক্রান্ত একটি নির্দেশনা পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের পশুর হাটে জাল নোট শনাক্তকারী মেশিনের সহায়তায় অভিজ্ঞ ক্যাশ কর্মকর্তাদের মাধ্যমে বিরতিহীনভাবে পশু ব্যবসায়ীদের বিনা খরচে নোট যাচাই সংক্রান্ত সেবা দিতে হবে। হাটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নাম, পদবি ও মোবাইল ফোন নম্বরসহ ব্যাংকের সমন্বয়ক হিসাবে মনোনীত এক জন উপযুক্ত কর্মকর্তার নাম, পদবি ও মোবাইল ফোন নম্বর আগামী ১৪ জুলাইয়ের মধ্যে ই-মেইলে পাঠাতে বলা হয়েছে।
ঢাকার বাইরে সব জেলায় অনুমোদিত পশুর হাটগুলোতেও একই প্রক্রিয়ায় সেবা দিতে ব্যাংকের শাখাগুলোতে নির্দেশ দিতে বলা হয়েছে। যেখানে বাংলাদেশ ব্যাংকের শাখা নেই এমন জেলায় সিটি করপোরেশন, পৌরসভা ও থানার অনুমোদিত পশুর হাটে বিভিন্ন ব্যাংকের দায়িত্ব বণ্টনের জন্য সোনালী ব্যাংক লিমিটেডের শাখাগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে।
