ক্যারিয়ারের শুরু থেকেই মেহেদী হাসান মিরাজের নামের সঙ্গে অপবাদ ছিল যে, বিদেশের মাটিতে খুব একটা কার্যকর নন। ঘরের মাঠে ১৩ টেস্টে ৭১ উইকেট নিয়েছেন। কিন্তু হারারে টেস্টের আগে দেশের বাইরে ছিল ১৩ টেস্টে ৩৩ উইকেট। গতকাল জিম্বাবুয়ের বিরুদ্ধে ৮২ রানে ৫ উইকেট নিয়েছেন মিরাজ। যা বিদেশে তার ক্যারিয়ার সেরা বোলিং। এর আগে সেরা ছিল ২০১৮ সালে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৯৩ রানে ৫ উইকেট। গতকালকের বোলিংয়ে বিদেশে দ্বিতীয়বার ও সবমিলিয়ে ৮ম বার ৫ উইকেট পেলেন এ অফস্পিনার।
