ইউরোর ফাইনালে ডাচ রেফারি

আপডেট : ০৯ জুলাই ২০২১, ২২:০৩

স্পোর্টস ডেস্ক

শেষের দুয়ারে চলে এসেছে ইউরো চ্যাম্পিয়নশিপ। আগামীকাল রবিবার বাংলাদেশ সময় রাত ১টায় লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ইতালি। দুই দলের সামনেই ইতিহাস গড়ার সুযোগ।  দুই ফাইনালিস্ট যাই করুক, ইতিমধ্যে ম্যাচের সঙ্গে জড়িয়ে ইতিহাসে নাম লেখানোর কাজটা নিশ্চিত হয়ে গেছে বিয়র্ন কাইপার্সের। নেদারল্যান্ডসের প্রথম রেফারি হিসেবে ইউরোর ফাইনালে দায়িত্ব পালন করবেন তিনি। উয়েফা নিশ্চিত করেছে, ওয়েম্বলিতে ফাইনালে বাঁশি বাজাবেন ৪৮ বছর বয়সি এ ডাচ রেফারি।

ডাচ ফুটবল লিগ পরিচালনার মাধ্যমে উঠে এসেছেন কাইপার্স। ২০০৬ সালে আন্তর্জাতিক ফুটবলে রেফারি হিসেবে তার যাত্রা শুরু হয়। শীর্ষ পর্যায়ে বেশ সুনামের সঙ্গেই কাজ করেছেন তিনি। ২০১৪ সালে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল, ২০১৩ ও ২০১৮ সালে ইউরোপা লিগ ফাইনাল পরিচালনা করেছেন কাইপার্স। উয়েফার সাত টুর্নামেন্টের ফাইনাল পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার। ২০১৪, ২০১৮ ফিফা ফুটবল বিশ্বকাপ এবং ২০১২, ২০১৬ ইউরোতে ম্যাচ পরিচালনা করেছেন তিনি। ইউরোর এবারের আসরেও গ্রুপ পর্বে দুটি এবং কোয়ার্টার ফাইনালে একটি ম্যাচে রেফারি ছিলেন কাইপার্স।