ভাণ্ডারিয়ায় করোনায় মৃত ব্যক্তির লাশ সমাহিত করলেন মেডিক্যাল টিমের সদস্যরা

আপডেট : ০৯ জুলাই ২০২১, ২২:০৮

ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মৃত ভাণ্ডারিয়া বাজারের মুড়ি ব্যবসায়ী চিত্ত রঞ্জন সাহার (৫৮) লাশ উপজেলার শিয়ালকাঠী কচা নদী তীরবর্তী সার্বজনীন শ্মশানে সমাহিত করা হয়েছে। তিনি পার্শ্ববর্তী রাজাপুর উপজেলার কানুদাসকাঠী গ্রামের বাসিন্দা মৃত রাধা কান্ত সাহার ছেলে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে মুমূর্ষু অবস্থায় তাকে ভাণ্ডারিয়া হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষায় করোনা শনাক্ত হওয়ায় তাকে আইসোলেশনে ভর্তি করা করা হয়। ঐদিন বিকালেই চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার লাশ নিজ বাড়িতে নেওয়ার জন্য স্থানীয় চেয়ারম্যান, মেম্বার এবং  স্থানীয় বাসিন্দারের আপত্তি থাকায় ভাণ্ডারিয়া উপজেলা হিন্দুধর্মাবলম্বীদের সার্বজনীন শ্মশানে সন্ধ্যায় তার লাশ সমাহিত করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ননী গোপাল রায় বলেন, আমাদের মেডিক্যাল টিমের সদস্য মো. তুহিন তালুকদার শামীম, মো. মুসা গাজী, আসাদুজ্জামান, পরাগ হোসেন ও  নাইম লাশ শ্মশানে নিয়ে মৃতের স্ত্রীর উপস্থিতিতে ধর্মীয় রীতি মেনে তার ছেলে মুখাগ্নি করার পরে সমাহিত করেন।