ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) চেয়ারম্যান হয়েছেন মুকুল রায়। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, গতকাল শুক্রবার বিধানসভার অধিবেশন শেষে তার নাম ঘোষণা করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। কিন্তু মুকুলের নাম ঘোষণা করতেই প্রতিবাদ জানিয়ে বিধানসভা থেকে বেরিয়ে যান বিরোধী বিজেপির বিধায়করা। এরপর সাংবাদিক সম্মেলনে ক্ষোভ প্রকাশ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, সাধারণত বিরোধী দল থেকেই পিএসির চেয়ারম্যান নিযুক্ত করা হয়। কিন্তু ক্ষমতার জোরে সেই রীতি ভঙ্গ করেছে তৃণমূল। বিজেপির কোনো বিধায়ক মুকুল রায়ের নাম প্রস্তাব করেননি। যদিও গোর্খা জনমুক্তি মোর্চা সদস্য, এক জন নির্দল প্রার্থী মুকুলের নাম সুপারিশ করেন। তৃণমূলের একজন বিধায়ক মুকুলের নাম সমর্থন করেন।
প্রসঙ্গত, গত ১১ জুন বিজেপি থেকে তৃণমূলে ফেরেন মুকুল রায়। তখনই তাকে বড় দায়িত্ব দেওয়া হতে পারে বলে গুঞ্জন শুরু হয়। গত ২৩ জুন পিএসি সদস্যপদের জন্য মনোনয়ন জমা দেন মুকুল। গতকাল স্পিকার আনুষ্ঠানিকভাবে তার নিয়োগ ঘোষণা করেন।
