অবশেষে গ্রেফতার হলেন রাজশাহীর বাঘার আড়ানী পৌর মেয়র মুক্তার আলী। শুক্রবার রাজশাহী জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের নির্দেশনায় রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আলম, এএসপি (ডিএসবি) রুবেল আহমেদ, ডিবি ইন্সপেক্টর আতিক ও বাঘা থানার ওসি নজরুল ইসলামের নেতৃত্বে পাবনার ঈশ্বরদী থানার পাকশী এলাকায় রাতভর অভিযান চালিয়ে ভোর ৫টার দিকে তাকে গ্রেফতার করা হয়। পরে বাঘা থানার আড়ানী এলাকায় তার বাড়ি থেকে চার বোতল ফেনসিডিল, ১০০ গ্রাম গাঁজা, নগদ ১ লাখ ৩২ হাজার টাকা এবং দেশীয় অস্ত্র জব্দ করা হয়—এমন তথ্যই দিলেন ওসি নজরুল ইসলাম। এর আগে গত ৭ জুলাই তার বাড়িতে অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, মাদকদ্রব্য ছাড়াও প্রায় ৯৫ লাখ টাকা জব্দ করেছিল রাজশাহী জেলা পুলিশ। সে সময় মুক্তার আলীকে বাড়িতে না পেয়ে পুলিশ তার স্ত্রী এবং দুই ভাতিজাকে আটক করে। এর আগের দিন, অর্থাত্ মঙ্গলবার সন্ধ্যায় আড়ানী পৌর এলাকার বাসিন্দা ও পল্লিচিকিত্সক মনোয়ার হোসেন মজনুর (৫০) বাড়িতে গিয়ে তাকে মারধর করে মেয়র মুক্তার আলী ও তার কয়েক জন সাঙ্গোপাঙ্গ—এমন লিখিত অভিযোগ থানায় জমা দেন মজনু।
