পানিতে ডুবে ১৮ মাসে ১৪০২ জনের মৃত্যু

আপডেট : ০৯ জুলাই ২০২১, ২২:৪৪

দেশে প্রতি বছর ব্যাপকসংখ্যক মানুষ পানিতে ডুবে মারা যায়। এর সঠিক কোনো পরিসংখ্যান না থাকায় বিষয়টি নজরে আসে না বা গুরুত্ব পায় না। মানুষের মাঝে শুধু সচেতনতা বাড়াতে পারলে এই মৃত্যু অনেকাংশেই প্রতিরোধ করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করা বিশিষ্টজনেরা। সম্প্রতি একটি বেসরকারি সংস্থা গণমাধ্যমে প্রকাশিত পানিতে ডুবে মৃত্যুর সংখ্যা একত্র করে একটি পরিসংখ্যান দিয়েছে যা রীতিমতো উদ্বেগজনক। সংস্থাটি বলেছে, ২০২০ সালের জানুয়ারি থেকে চলতি বছরের জুন পর্যন্ত ১৮ মাসে ১ হাজার ৪০২ জন মানুষ পানিতে ডুবে মারা গেছে, যার ৮৩ শতাংশই শিশু।

পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে আন্তর্জাতিক দিবস হিসেবে ২৫ জুলাইকে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ। দিবসটি ঘোষণার জন্য যৌথভাবে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। পাশাপাশি সমর্থন দিয়েছে ৭৯টি সদস্য রাষ্ট্র। গত এক দশকে ২.৫ মিলিয়ন মানুষ পানিতে ডুবে মারা গেছে, যা ছিল প্রতিরোধযোগ্য।

বিশ্বে প্রতি বছর ২ লাখ ৩৫ হাজার মানুষ পানিতে ডুবে মারা যায়, এরমধ্যে ৪০ শতাংশই শিশু। মোট মৃত্যুর ৯০ শতাংশই ঘটে বাংলাদেশের মতো মধ্যম ও নিম্ন আয়ের দেশে। মহাদেশগুলোর মধ্যে এশিয়াতে পানিতে ডুবে মৃত্যুর হার সবচেয়ে বেশি। 

সংবাদমাধ্যমে প্রকাশিত ঘটনার বিশ্লেষণে দেখা গেছে, গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের (জিএইচএআই) সহযোগিতায় গণমাধ্যম ও যোগাযোগবিষয়ক প্রতিষ্ঠান ‘সমষ্টি’ গণমাধ্যমে প্রকাশিত ঘটনা থেকে পানিতে ডুবে মৃত্যুর তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে। সাধারণত পানিতে ডুবে মৃত্যুর সবগুলো ঘটনা গণমাধ্যমে উঠে আসে না। এখানে বিশ্লেষণের ভিত্তিতে প্রাপ্ত প্রবণতাগুলো উপস্থাপন করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, ২০১৪ সালের বৈশ্বিক প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে পাঁচ বছরের কম বয়সি শিশুমৃত্যুর ৪৩ শতাংশের কারণ পানিতে ডুবে প্রাণহানি। যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট অফ হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভালুয়েশন (আইএইচএমই) এর ২০১৭ সালে প্রকাশিত ‘গ্লোবাল বারডেন অব ডিজিজ স্টাডি’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে ২০১৭ সালে ১৪ হাজার ২৯ জন মানুষ পানিতে ডুবে মারা যায়। এ রিপোর্ট অনুযায়ী পানিতে ডুবে মৃত্যুর দিক থেকে কমনওয়েলথ দেশসগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান পঞ্চম। বাংলাদেশে জাতীয়ভাবে পানিতে ডুবে মৃত্যু নিয়ে কোনো তথ্য সংরক্ষণের ব্যবস্থা না থাকায় এর প্রকৃত চিত্র উঠে আসে না।

সংবাদপত্রে মোট ঘটনা ও মৃত্যু :জাতীয় পর্যায়ের গণমাধ্যম ও স্থানীয় পর্যায়ের অনলাইন নিউজ পোর্টালে ২০২০ সালের পহেলা জানুয়ারি থেকে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত ৮৭৫টি ঘটনার কথা প্রকাশিত হয়েছে। এসব ঘটনায় সারা দেশে ১ হাজার ১৬৪ শিশুসহ মোট ১ হাজার ৪০২ জন ব্যক্তি পানিতে ডুবে মারা যায়। পানিতে ডুবে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটে ঢাকা বিভাগে ৩২২ জন।