বরিশালে শ্রমিকবাহী বাস দোকানে, দুই শিশুসহ ৫ জন আহত

আপডেট : ০৯ জুলাই ২০২১, ২২:৪৫

বরিশালে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ফুটপাত ও দোকানে ঢুকে যাওয়ায় পাঁচ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার সকালে নগরীর বিসিক রোডের টেক্সটাইল মোড়ে এই ?দুর্ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ, বিক্ষোভ ও বাসটি ভাঙচুর করে। পরে থানাপুলিশ ঘটনাস্থলে গিয়ে বাস চালককে আটক করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিসিক টেক্সটাইল মোড়ে ফরচুন সুজ কোম্পানির শ্রমিকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাত এবং পাশে থাকা মো. হাবিবের দোকানে ঢুকে যায়। এতে ঘটনাস্থলে থাকা অর্ক ও রবিউল নামের দুই শিশুসহ পাঁচ জন আহত হয়। এর মধ্যে একটি শিশুর অবস্থা গুরুতর। তাদের শের-ই বাংলা মেডিক্যালে ভর্তি করা হয়। আহতদের চিকিত্সার যাবতীয় দায়িত্ব কোম্পানির চেয়ারম্যান নিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।  মেট্রোপলিন পুলিশের কাউনিয়া থানার সহকারী কমিশনার মো. ইব্রাহিম জানান, এ বিষয়ে যথাযথ আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।