১১ বছরে আগুন কেড়েছে ১৭৯৬ প্রাণ

আপডেট : ১০ জুলাই ২০২১, ০০:২২

গত ১১ বছরে সারা দেশে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ৭৯৬ জন। ফায়ার সার্ভিস সূত্রে এ তথ্য জানা গেছে। এর মধ্যে সর্বশেষ বৃহস্পতিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান সেজান জুস কারখানায় ভয়াবহ আগুনে প্রাণ হারিয়েছেন ৫২ জন।

প্রাপ্ততথ্যে জানা যায়, পুরান ঢাকার নিমতলীতে ২০১০ সালের ৩ জুন ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে সরকারি হিসেবে ১২৪ জনের প্রাণহানি ঘটে। সে ঘটনায় একই পরিবারের ১১ জন প্রাণ হারান। ২০১১ সালে সাভারের আশুলিয়ায় তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ডে প্রাণ হারান ১১১ জন। আর ২০১৬ সালে টঙ্গীর টাম্পাকো ফয়েলস কারখানায় প্রাণ হারান ৪১ জন। এছাড়া ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি চুড়িহাট্টার অগ্নিকাণ্ডের আরো ৭১ জনের মৃত্যু হয়।

ফায়ার সার্ভিসের পরিসংখ্যান অনুযায়ী, ২০১০ সালে সারা দেশে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৭১ জন নিহত হন। এছাড়া ২০১১ সালে ৩৬৫ জন, ২০১২ সালে ২১০, ২০১৩ সালে ১৬১, ২০১৪ সালে ৭০, ২০১৫ সালে ৬৮,  ২০১৬ সালে ৫২,  ২০১৭ সালে ৪৫ এবং ২০১৮ সালে ১৩০ জন নিহত হয়েছেন। এতে ৪ হাজার কোটি টাকার ওপর আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।

২০১৮ সালের ১৯ হাজার ৬৪২টি অগ্নিকাণ্ডের মধ্যে ৭ হাজার ৮২৫টিই ঘটেছে বৈদ্যুতিক গোলযোগের কারণে। এছাড়া চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে ৩ হাজার ৪৪৯টি আর সিগারেটের আগুন থেকে ৩ হাজার ১০৮টি। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, আগুনের ঘটনা সবচেয়ে বেশি ঘটে ঢাকায়। এছাড়া দ্বিতীয় অবস্থানে চট্টগ্রাম এবং তৃতীয় অবস্থানে রয়েছে রাজশাহী।