গাজীপুর মহানগরীর নিয়ামত সড়ক এলাকায় স্ত্রীকে হত্যা করে ঘরে তালা লাগিয়ে পালিয়ে যাওয়া মো. সেলিমকে গ্রেফতার করেছে র্যাব-১-এর গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের সদস্যরা। ঢাকা খিলগাঁও থানার সিপাহীবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহূত প্লাস্টিকের চিকন দড়ি, ভিকটিম ও আসামির ব্যবহূত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত সেলিম র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। র্যাব-১-এর গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাবের জিজ্ঞাসাবাদে সেলিম জানান, স্ত্রীর সঙ্গে তার খারাপ সম্পর্কের জেরে মীমাংসার উদ্দেশ্যে বুধবার গাজীপুর সদর থানাধীন শহিদ নিয়ামত সড়ক এলাকায় তার স্ত্রীর ভাড়া বাসায় যান। রাত ৯টার দিকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সম্পর্ক পুনঃ স্থাপনের চেষ্টা করা হলেও তার স্ত্রী তাকে ঘরে ঢুকতে না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে গত বৃহস্পতিবার রাত দেড়টার দিকে স্ত্রীর গলায় প্লাস্টিকের চিকন দড়ি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যান।
