গাজীপুরে করোনায় ৯ দিনে ২৪ জনের মৃত্যু, আক্রান্ত ১১১০ জন

আপডেট : ১০ জুলাই ২০২১, ০০:২৯

গত ১ জুলাই থেকে শুরু কঠোর বিধিনিষেধের প্রথম ৯ দিনে গাজীপুরে করোনায় আক্রান্ত হয়ে ২৪ জনের মৃত্যু হয়েছে। এ ৯ দিনে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১১০ জন। গাজীপুরে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে মোট ২৬৪ জনের। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৭৯৬ জন।

গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান জানান, শুক্রবার করোনায় আক্রান্তের হার শতকরা ৩১ দশমিক ৭১ ভাগ। বৃহস্পতিবার আক্রান্তের হার ছিল শতকরা ৪৩ ভাগ। এ পর্যন্ত করোনায় গাজীপুর মহানগর ও সদরে মোট আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮৫২ জন, কালীগঞ্জে ৯৩৬, কালিয়াকৈরে ১১ হাজার ৫১৮, কাপাসিয়ায় ৯০৫ ও শ্রীপুরে ১ হাজার ৫৮৫ জন। জেলায় এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১১ হাজার ৫৪৫ জন।

এদিকে গত ১০ দিন ধরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজে পিসিআর মেশিনটি অকেজো থাকার পর বৃহস্পতিবার থেকে এখানে ফের করোনার নমুনা পরীক্ষা শুরু হয়েছে।