ডিএসসিসির তিন পশুর হাট বাতিল

আপডেট : ১০ জুলাই ২০২১, ০০:৪০

চলমান করোনা মহামারি বিবেচনায় তিন পশুর হাট বাতিল করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। গতকাল শুক্রবার ডিএসসিসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাতিল করা পশুর হাট তিনটি হলো—লিটল ফ্রেন্ডস ক্লাব সংলগ্ন খালি জায়গা ও কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন বিশ্বরোডের আশপাশের খালি জায়গা, আমুলিয়া মডেল টাউনের আশপাশের খালি জায়গা এবং শ্যামপুর কদমতলী বাসস্ট্যান্ড সংলগ্ন খালি জায়গা।

দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি বিভাগ করপোরেশন এলাকায় ১৩টি অস্থায়ী পশুর হাটের জন্য তিন পর্যায়ে দরপত্রের আহ্বান জানিয়ে ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করে। প্রথম ও দ্বিতীয় পর্যায়ের দরপত্র শেষে ১০টি অস্থায়ী পশুর হাটের ইজারা প্রদান করা হয়। করোনা পরিস্থিতি বিবেচনায় তৃতীয় পর্যায়ের দরপত্র শেষে আর কোনো পশুর হাট ইজারা না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। স্বাস্থ্যবিধি পরিপালনসহ অন্যান্য শর্তাবলি মেনে ঈদুল আজহার দিনসহ মোট পাঁচ দিন এসব হাটে পশু কেনাবেচা করা যাবে।