করোনা রোধে থাইল্যান্ডে কারফিউ জারি, কার্যকর ১২ জুলাই থেকে

আপডেট : ১০ জুলাই ২০২১, ০০:৪২

থাইল্যান্ডে করোনা ভাইরাসের বিস্তার রোধে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। দেশটির রাজধানী ব্যাংককসহ ৯টি প্রদেশে জারি থাকবে এ কারফিউ। আগামী ১২ জুলাই থেকে কার্যকর হবে। প্রতিদিন রাত ৯টা থেকে ভোর ৪টা পর্যন্ত ৭ ঘণ্টা কারফিউ বলবত্ থাকবে। গতকাল শুক্রবার এক বৈঠক শেষে এ ঘোষণা দেয় দেশটির করোনা ভাইরাস টাস্কফোর্স। গতকাল দেশটিতে ৯ হাজার ২৭৬ জনের কোভিড শনাক্ত হয়। প্রাণ গেছে ৭২ জনের। দেশটিতে বর্তমানে কোভিডের তৃতীয় ঢেউ চলছে। বিধিনিষেধ অনুযায়ী, সেখানকার অধিবাসীদের ঘরে থেকেই সব কাজ করতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া বের হওয়ায় থাকছে নিষেধাজ্ঞা। তবে খোলা রাখা যাবে সুপারমার্কেট, রেস্টুরেন্ট, ব্যাংক, ফার্মেসি ও ইলেকট্রনিকস স্টোর। তবে রাত ৮টার মধ্যেই এগুলো বন্ধ করতে হবে। অন্য সব দোকানপাট বন্ধ থাকবে। —ভয়েস অব আমেরিকা