ফিলিস্তিনের কট্টরপন্থী সংগঠন ইসলামি প্রতিরোধ আন্দোলন- হামাসের বেশ কিছু ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্ট জব্দ করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। তাদের দাবি, এসব অ্যাকাউন্টের মাধ্যমে হামাস সামরিক শাখার জন্য অর্থ সংগ্রহ করে আসছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভয়েস অব আমেরিকা।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গানতজ গত বৃহস্পতিবার (৮ জুলাই) নিরাপত্তা সংস্থাগুলোকে ফিলিস্তিনের অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দেন। এরপর এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা অনেকগুলো অনলাইন ইকেট্রনিক ওয়ালেটের সন্ধান পেয়েছে, এসব ওয়ালেটে অর্থ সংগ্রহ করে আসছে হামাস।

বেনি গানতজ
মন্ত্রণালয় আরও জানায়, হামাস তাদের সামরিক শাখার অনুদান সংগ্রহের জন্য অনলাইনে প্রচারণা চালাচ্ছে। চলতি বছরের মে মাসে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ১১ দিনের যুদ্ধের পর তারা এ তহবিল সংগ্রহের উদ্যোগ নিয়েছে তারা। বিটকয়েনের মতো ক্রিপ্টোকারেন্সি গোপন লেনদেনের অন্যতম সহজ একটি মাধ্যম। কারণ, এর মাধ্যমে লেনদেন করলে সহজে শনাক্ত করা যায় না।
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর বরাত দিয়ে মন্ত্রণালয় জানায়, ‘গোয়েন্দা সংস্থা, আইনি পদক্ষেপ ও কারিগরি টিমের সহায়তায় আমরা তাদের চিহ্নিত করতে পেরেছি।’
গত মে মাসে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় ৬৬ শিশুসহ ২৬০ ফিলিস্তিনি নিহত হয়। গাজা থেকে ছোড়া রকেটে নিহত হন দুই শিশুসহ ১৩ ইসরায়েলি। ১১ দিনের ইসরায়েলি হামলার পর যুদ্ধবিরতি হলেও গত মাসে গাজায় আবারও কয়েক দফায় হামলা চালিয়েছে ইসরায়েলি বিমানবাহিনী।
ইত্তেফাক/টিআর
