গৃহিণীদের পছন্দে গৃহস্থালি পণ্য

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১৫

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় চলছে শেষ সময়ের কেনাকাটা। সব ধরনের পণ্য কম-বেশি বিক্রি হচ্ছে। স্টল ও প্যাভিলিয়নগুলোতে ক্রেতাদের উপস্থিতি থাকছে আগের চেয়ে অনেক বেশি। গৃহিণীরা হুমড়ি খেয়ে পড়েছেন গৃহস্থালি পণ্যের স্টল ও প্যাভিলিয়নগুলোতে।

মেলার দ্বিতীয় গেট সংলগ্ন বেশ কয়েকটি গৃহস্থালি পণ্যের স্টল বসেছে। চীন, ভারত ও মালয়েশিয়া থেকে আমদানি করা প্রতিষ্ঠানগুলো তাদের স্টলে হরেক রকমের গৃহস্থালি পণ্যের পসরা সাজিয়েছে। পণ্যভেদে ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দিচ্ছে প্রতিষ্ঠানগুলো। কোনো কোনো স্টলে একটি পণ্য কিনলে আরেকটি ফ্রি দেওয়া হচ্ছে। ক্রেতারাও সুযোগ বুঝে লুফে নিচ্ছেন অফারগুলো।

মেলায় জুস ব্লেন্ডার, ইলেকট্রিক কেটলি, কিচেন হুড, ওয়াটার ফিল্টার, গ্যাস-স্টোভ ও রাইস কুকার নিয়ে এসেছে জেসিএল হোম অ্যাপ্লায়েন্স। বিভিন্ন পণ্যে তারা ৫শ থেকে ১ হাজার ২০০ টাকা পর্যন্ত ছাড় দিয়েছে। প্রতিষ্ঠানটির বিক্রেতা আকিব হোসেন বলেন, মেলার শেষ সময়ে ক্রেতাদের ভালো সাড়া পাচ্ছি। পণ্যের দামও আগের চেয়ে কমানো হয়েছে।

চীন, মালয়েশিয়া ও ভারত থেকে আমদানি করা বিভিন্ন ব্র্যান্ডের গৃহস্থালি পণ্য এনেছে নোয়া রয়ালেক্স মেটাল। প্রতিষ্ঠানটির বিক্রেতা সোহেল খান বলেন, মেলা উপলক্ষে ব্র্যান্ডভেদে প্রতিটি পণ্যে ১০ থেকে ২০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে।

মেলায় অংশ নেওয়া ব্র্যান্ডের প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজ, ওয়েলবার্গ, সিঙ্গার, নোভানা, নোয়া, নোভা, ইতালিয়ান ডিজনি ইত্যাদি। কিয়াম এবারের মেলায় মূল্যছাড়ের পাশাপাশি একটি পণ্য কিনলে আরেকটি ফ্রি দিচ্ছে। ১ হাজার ২০০ টাকা থেকে ২ হাজার ৫০০ টাকা মূল্যের এক লিটার থেকে পাঁচ লিটারের প্রেসার কুকারের সঙ্গে একটি ফ্রাইপ্যান ফ্রি দেওয়া হচ্ছে। আড়াই থেকে সাড়ে ছয় হাজার টাকার মধ্যে মেটালের স্টিম প্রেসার কুকার, এক থেকে তিন হাজার টাকার মধ্যে ননস্টিক প্রেসার কুকার, ৮শ থেকে ২ হাজার ৫০০ টাকার মধ্যে ফ্রাইপেন বিক্রি হচ্ছে।

প্রেসার কুকার, ফ্রাইপেন, ইলেকট্রিক কেটলি, টোস্টার, ওভেন, ব্লেন্ডারে ৩শ টাকা থেকে হাজার টাকা পর্যন্ত মূল্যছাড় দিয়েছে ইতালিয়ান ডিজনি ক্রোকারিজ স্টলে। সিঙ্গার চার থেকে সাত লিটারের প্রেসার কুকার ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৬০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। এছাড়া ব্লেন্ডার, মিক্সার গ্রাইন্ডার ফুট প্রসেসরের সঙ্গে ট্রে ফ্রি থাকছে। মাইক্রো ওভেনের সঙ্গে স্যান্ডউইচ মেকার বা টোস্টার ফ্রি দেওয়া হচ্ছে।

অন্যদিকে মেলার প্রধান গেটের হাতের বামে রয়েছে দিল্লি অ্যালুমিনিয়ামের স্টল। অন্যান্য পণ্যে ৫ শতাংশ ছাড় থাকলেও কারুকাজ করা টিফিন ক্যারিয়ার, মগ, থালাবাসন ও হাঁড়িতে কোনো ছাড় নেই। বিক্রেতা হাবিব রহমান বলেন, পণ্যের দাম বেশি মনে হলেও, মান হিসেবে ঠিক আছে। যারা একবার ব্যবহার করছেন, তারা মান ধরতে পারবেন। আবার মেলায় যেসব পণ্য পাওয়া যায়, বাইরে সচরাচর সেগুলো পাওয়া যায় না।