চন্দ্রবিন্দু ( ঁ)-এর ব্যবহার

আপডেট : ১০ জুলাই ২০২১, ১৯:৩৫

বাংলা বানানের নিয়মকানুন

মো. কামরুল হাসান, প্রভাষক

শামছুল হুদা খাঁন কলেজ, ঝিনাইদহ

বাংলা ভাষায় অর্থ-বিপর্যয় এড়াতে ও অর্থ-পার্থক্য মনে রাখতে কিছু শব্দের বানানে চন্দ্রবিন্দুর ব্যবহার

বাংলা ভাষায় অর্থ-বিপর্যয় এড়াতে ও অর্থ-পার্থক্য মনে রাখতে কিছু শব্দের বানানে চন্দ্রবিন্দুর ব্যবহার লক্ষ্য করা যায়। আধুনিক বাংলা অভিধানে ২৪টি বর্ণে ১৩৫ জোড়া একই রকম শব্দ (চন্দ্রবিন্দু-সহ ও চন্দ্রবিন্দুহীন) পাওয়া গেছে। এই পর্বে ‘ত’-বর্ণসংবলিত একই রকম শব্দ (চন্দ্রবিন্দু-সহ ও চন্দ্রবিন্দুহীন) নিয়ে আলোচনা করা হলো।

দ

দাঁও—[ফা.] বি. সুযোগ, সুবিধা; সুযোগ পেয়ে প্রচুর লাভ ।

দাও—[স. দাত্র>] বি. কাটারি ।

দাও—[স. দান>] ক্রি. দেওয়ার অনুজ্ঞা; প্রদান করো ।

দাঁড়া—[স. দণ্ড>] বি. দণ্ড; মেরুদণ্ড; নৌকার তলদেশে লম্বালম্বিভাবে স্থাপিত কাঠ; জমিতে জলসেচনের জন্য কাটা নালি ।

দাঁড়া—[স. ধারা>] বি. রীতি, রেওয়াজ; ধরন; দস্তুর ।

দাঁড়া—[স. দণ্ডায়>] অনুক্রি. (তুচ্ছার্থে) দাঁড়ানোর অনুজ্ঞা ।

দাড়া—[স. দংষ্ট্রা>] বি. বড়ো দাঁত; দংষ্ট্রা; হুল; কাঁকড়া বা চিংড়ির দাঁতযুক্ত লম্বা পা; কীটপতঙ্গের শুঁড় ।

দাঁড়ি—[বা.] বি. পূর্ণচ্ছেদচিহ্ন (।); তুলাদণ্ড; যে ব্যক্তি নৌকার দাঁড় টানে; টানা রেখা ।

দাড়ি—[স. দাঢিকা>] বি. চিবুক বা গালে উদ্গত রোমরাজি, শ্মশ্রু ।

দোঁহা—[স. দ্বি>] বি. বাংলা চর্যাপদ; প্রাচীন বাংলার অপভ্রংশ ও মধ্যযুগের হিন্দিতে রচিত দুই চরণবিশিষ্ট পদ ।

দোঁহা—[ব্রজ.] সর্ব. দুজন, উভয় ।

দোহা—[বা.] ক্রিবি. দোহন করা । বিণ. দোহন করা হয়েছে এমন ।

ধ

ধাঁ—[ধ্বন্যা.] অব্য. দ্রুত, সত্বর ইত্যাদি ভাবপ্রকাশক শব্দ; প্রহার করার অনুকার শব্দ ।

ধা—[স. ধৈবত >] বি. স্বরগ্রামের ষষ্ঠ স্বর ধৈবতের সংকেত ।

ধা—[স.ধা + ক্বিপ্] বিণ. ধারক, ধারণকর্তা ।

ধা—[স. ধাচ্>] (ব্যা.) প্রকারবাচক শব্দ (বহুধা); তদ্ধিত প্রত্যয়বিশেষ ।

প (আংশিক)

পাঁক—[স. পঙ্ক>] বি. কাদা, কর্দম ।

পাক—[ফা.] বিণ. পবিত্র, পূত ।

[‘পাক’ শব্দের আরও ৩টি উত্স ও অর্থ রয়েছে]

পাঁজি—[স. পঞ্জি>] বি. মাস, তিথি প্রভৃতি গণনার পুস্তিকাবিশেষ, পঞ্জিকা ।

পাজি—[ফা.] বিণ. উদ্ধত, ঝগড়াটে ।

পাঁড়—[বা.] বিণ. সম্পূর্ণ; পাকা ।

পাড়—[স. পার>] বি. তীর; খেতের আল; কুয়ার দেওয়ালে লাগানো পোড়ামাটির বেষ্টনি, চাক ।

[‘পাড়’ শব্দের আরও ৩টি উত্স ও অর্থ রয়েছে]