লকডাউনে দুধ নিয়ে বিপাকে খামারিরা

আপডেট : ১০ জুলাই ২০২১, ২১:২২

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

কঠোর লকডাউনের কারণে দুধ নিয়ে বিপাকে পড়েছেন আশুগঞ্জের খামারিরা। উপজেলার গরুর দুধ উত্পাদনকারী খামারিরা এখন সস্তায় দুধ বিক্রি করতে বাধ্য হচ্ছেন। লকডাউনে ছানা কারখানা ও মিষ্টির দোকানগুলো বন্ধ থাকায় এবং দুগ্ধ প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানগুলো খামারিদের কাছ থেকে দুধ কেনা কমিয়ে দেওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার সাইফুল ইসলাম জানান, উপজেলায় ৪৩০টির মতো খামারে প্রতিদিন ৩০ হাজার লিটারেরও বেশি গরুর দুধ উত্পাদন হয়। এছাড়া ব্যক্তি পর্যায়ে অনেক গৃহস্থ পরিবারও গাভী পালন করে। এতেও প্রচুর দুধ উত্পাদন হয়। কিন্তু কঠোর লকডাউনের কারণে খামারিরা দুধ বিক্রি নিয়ে বিপাকে পড়েছে।