১০০ শয্যায় ১৮৫ রোগী

আপডেট : ১০ জুলাই ২০২১, ২১:২২

মতিউর রহমান, দিনাজপুর অফিস

দিনাজপুরে বেড়েই চলেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১০০ শয্যা থাকলেও ভর্তি রয়েছেন ১৮৫ জন রোগী। বাড়তি রোগী আসায় বাধ্য হয়েই করতে হয়েছে অতিরিক্ত বিছানা। আর গতকাল এক দিনে এই হাসপাতালের করোনা ওয়ার্ডে মারা গেছেন আরো ১০ জন রোগী।

এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, এই হাসপাতালের করোনা ওয়ার্ডে মোট শয্যা সংখ্যা ১০০। এর মধ্যে আইসিইউতে ১৬, এইচডিইউতে ১১, রেড জোনে ১৩ এবং ফ্লু-কর্নারে ৬০ শয্যা রয়েছে। অস্বাভাবিক হারে করোনা আক্রান্ত রোগী বেড়ে যাওয়ায় আইসিইউ, এইচডিইউ এবং সাধারণ ওয়ার্ডেও কোনো শয্যা খালি নেই।

এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. শামীম আরা নাজনীন জানান, করোনা ওয়ার্ডে ১০০টি শয্যা থাকলেও গত শুক্রবার রোগী ভর্তি ছিল ১৮৫ জন। এর মধ্যে আইসিইউতে ১৬ জন, এইচডিইউতে ১১ জন, রেড জোনে ১৩ জন, ফ্লু-কর্নারে ৬০ জন এবং অতিরিক্ত রোগী ভর্তি রাখা হয়েছে ফ্লু-কর্নার-২ তে ৩৮ জন এবং অন্য ওয়ার্ডে ৪৭ জন। এসব রোগীর মধ্যে করোনা পজিটিভ নিয়ে ভর্তি রয়েছেন ৭১ জন এবং করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১১৪ জন। এই ১৮৫ জন রোগীর মধ্যেই শুধু গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৫৮ জন রোগী। এই ৫৮ জনের মধ্যে করোনা পজিটিভ ২০ জন এবং করোনা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ৩৮ জন।

ড. শামীম আরা নাজনীন বলেন, এখন পর্যন্ত আমরা সক্ষমতার বাইরেও করোনা আক্রান্ত রোগী ভর্তি নিচ্ছি এবং সাধ্যমতো চিকিত্সাসেবা দিয়ে যাচ্ছি। কিন্তু মানুষ এরপরও সতর্ক না হলে করোনা আক্রান্ত রোগী বাড়তেই থাকবে। আমরাও রোগী ভর্তি নেওয়ার সক্ষমতা হারিয়ে ফেলব। এই অবস্থায় যাতে পড়তে না হয়, সেজন্য সবাইকে মাস্ক ব্যবহার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গতকাল এক দিনে মারা গেছে মোট ১০ জন রোগী। এদের মধ্যে করোনা পজিটিভ রোগী মারা গেছেন তিন জন এবং করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন সাত জন।