কাহারোলে কোরবানির পশুর হাট বন্ধ

আপডেট : ১০ জুলাই ২০২১, ২১:২৪

খামারিরা বিপাকে

কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা

সর্বাত্মক লকডাউনে কাহারোল উপজেলায় কোরবানির পশুর হাট বন্ধ থাকায় খামারিরা পড়েছেন বিপাকে। শনিবার হাটে কোনো পশু ক্রয়-বিক্রয় হয়নি। উত্তর অঞ্চলের সর্ববৃহত্ পশুর হাটে দেখা যায়নি গরু-ছাগল। ছিল না কোনো ক্রেতা-বিক্রেতা। কাহারোল উপজেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় ছোট-বড় মিলে ৪ হাজার ৩৯০টি খামার রয়েছে। এতে ১৫ হাজার ৫৪৪টি পশু রয়েছে। খামারি আজাহার উদ্দীন বলেন, ঈদ সামনে রেখে প্রায় প্রতিটি বাড়িতে প্রাকৃতিক পদ্ধতিতে ষাঁড় প্রতিপালন করে থাকে। করোনায় হাট বন্ধ থাকায় পুঁজি হারানোর শঙ্কায় খামারিরা। কাহারোল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রায়হান আলী জানান, আমরা অনলাইনে কোরবানির বাজার কাহারোল দিনাজপুর বাজার চালু করেছি। এতে করে দিন দিন অনলাইনে গরুর ক্রেতা বৃদ্ধি পাচ্ছে। শুক্রবার উপজেলায় ২ হাজার কোরবানির পশু বিক্রি হয়েছে প্রায় সাড়ে ৩৩ লাখ টাকায়। কাহারোল উপজেলায় প্রায় ৫৭ কোটি টাকার কোরবানির পশু বিক্রি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।