পটিয়ায় ব্যাটারি রিকশার কিশোর চালককে হত্যা

আপডেট : ১০ জুলাই ২০২১, ২১:২৫

পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

পটিয়া উপজেলার ছনহরা ইউপির ধাউরডেঙ্গা সড়ক থেকে মেহেদী হাসান (১৪) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১০টায় পুলিশ লাশটি উদ্ধার করে। মৃত মেহেদী হাসান নোয়াখালী জেলার সুবর্ণচর ইউপির চর জব্বার থানা এলাকার মোহাম্মদ আলী আকবরের ছেলে। মা ও ভাইকে নিয়ে মেহেদী পটিয়া পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডে ব্রাহ্মণপাড়া ভাড়া বাসায় থাকত। নিহতের ভাই সাজ্জাদ হোসেন জানান, প্রতিদিনের মতো শুক্রবারও মেহেদী ভাড়া ব্যাটারিচালিত রিকশা নিয়ে রাস্তায় বের হয়। রাত ৮টায় মোবাইল চার্জ দেওয়ার জন্য ঘরে আসে। ঘরে মোবাইল চার্জে দিয়ে রিকশা নিয়ে চলে যায়। রাত ১০টার পর ফিরে না আসায় মেহেদীকে রাতভর বিভিন্ন স্থানে খুঁজাখুঁজি করে কোনো সন্ধান পাওয়া যায়নি। শনিবার সকালে পটিয়া রেজিস্ট্রি অফিসের দারোয়ান নাছির জানায়, ধাউরডেঙ্গা রাস্তার পাশে বিলের ধারে এক কিশোরের লাশ পড়ে আছে। সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে মেহেদীর লাশ শনাক্ত করে। তবে রিকশাটি পাওয়া যায়নি। পটিয়া থানার উপ-পরিদর্শক এরশাদ জানান, কিশোরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার মাথা ও পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।