লোহাগাড়ায় দুইটি ডাম্পার ট্রাক ও বালু জব্দ

আপডেট : ১০ জুলাই ২০২১, ২১:২৫

লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা

লোহাগাড়া উপজেলায় শুক্রবার বিকালে অবৈধ বালুমহালে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. খোরশেদ আলম চৌধুরী পুটিবিলা ও চুনতি ইউনিয়নের বিভিন্ন স্পটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। অভিযানে দুইটি ডাম্পার ট্রাক ও আটটি স্পটের বিপুল পরিমাণ বালু জব্দ করা হয়।  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. খোরশেদ আলম চৌধুরী জানান, পুটিবিলা ও চুনতি ইউনিয়নের পানত্রিশা, সরাইয়া ও ফারাঙ্গা এলাকায় ডলু ও চারখাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল একটি মহল। বালু উত্তোলনের ফলে খালে গভীর খাদের সৃষ্টি হয়ে আশপাশের জমি, পাহাড় ও টিলা খালে ভেঙে পড়ছে। খবর পেয়ে  অভিযান পরিচালনা করে আটটি স্পটের বিপুল পরিমাণ বালু ও দুইটি ডাম্পার জব্দ করা হয়। জব্দকৃত বালু পরিমাপ করে নিলামে বিক্রি করা হবে। অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।