সংবাদ সংক্ষেপ

আপডেট : ১০ জুলাই ২০২১, ২১:২৬

স্বাস্থ্যসচেতনতায় পুলিশের শোভাযাত্রা

তেঁতুলিয়া (পঞ্চগড়) সংবাদদাতা করোনা পরিস্থিতিতে মাস্ক পরা ও স্বাস্থ্যসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শনিবার সচেতনতামূলক শোভাযাত্রা করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ। অফিসার ইনচার্জ আবু ছায়েম মিয়ার নেতৃত্বে মডেল থানা থেকে মোটরসাইকেল বহর নিয়ে শোভাযাত্রাটি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষিণ করে। পরে তেঁতুলিয়ার চৌরাস্তা বাজারের ঐতিহাসিক তেঁতুলতলায় আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

অক্সিজেন-সেবার ওপর প্রশিক্ষণ

ভোলা (দক্ষিণ) প্রতিনিধি ভোলায় রেড ক্রিসেন্ট সোসাইটি ভোলা ইউনিটের অক্সিজেন সেবা চালুর জন্য শনিবার দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ভোলা সিভিল সার্জনের সম্মেলন কক্ষে প্রশিক্ষণ উদ্বোধন করেন ভোলা সিভিল সার্জেন ডা. সিরাজুল ইসলাম। স্বেচ্ছাসেবকদের নিয়ে ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মো. আজিজুল ইসলামের সভাপত্বিতে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

সচেতনতামূলক বিশেষ সভা

রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা রায়পুরার কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে পর্যালোচনা ও সচেতনতামূলক বিশেষ সভা শনিবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ওয়ান্ডার পার্কে স্বাস্থ্যবিধি মেনে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি।

কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা কসবায় ঢলের পানিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে শনিবার সার, বীজ ও ঢেউটিন বিতরণ করা হয়েছে। বায়েক শেরে বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে এ সব কৃষি উপকরণ বিতরণ কার্যক্রম ভার্চুয়ালি উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রবিউল হক মজুমদার প্রমুখ।

অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের জন্য শনিবার অক্সিজেন সিলিন্ডার এবং অন্যান্য সরঞ্জাম হস্তান্তর করা হয়েছে। জেলা রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে হস্তান্তর অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা রেড ক্রিসেন্ট ইউনিট ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল আলম এমএসসি।

জেলেদের মধ্যে নগদ টাকা বিতরণ

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা নাসিরনগরে চলমান লকডাউনে কর্মহীন দুস্থ জেলেদের মধ্যে শনিবার নগদ টাকা বিতরণ করা হয়েছে। ২১৩ জেলে পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা নগদ টাকা বিতরণ ভার্চুয়ালি উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম। নাসিরনগর সরকারি ডিগ্রি কলেজ মাঠে বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন।

 

০০০