ইসরাইলি বাহিনীর গুলিতে ৩৭৯ ফিলিস্তিনি আহত

আপডেট : ১০ জুলাই ২০২১, ২১:৩৮

আলজাজিরা

ইসরাইলি বাহিনীর নির্বিচার গুলিতে অন্তত ৩৭৯ ফিলিস্তিনি নাগরিক আহত হয়েছেন। অবৈধ নিরাপত্তা চৌকির বিরুদ্ধে শুক্রবার পশ্চিম তীরে ফিলিস্তিনিদের একটি বিক্ষোভ সমাবেশে গুলি চালালে আহত হন তারা।

পশ্চিম তীরের বেইতা শহরে ফিলিস্তিনিরা ঐদিন টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন এবং ইসরাইলি বাহিনীর দিকে ঢিল ছুড়েন। প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজের পর ইসরাইলি বাহিনী মিছিল লক্ষ্য করে তাজা গুলি ও রাবারে মোড়ানো স্টিল বুলেট ছোড়ে। হামলায় ৩৭৯ জনের আহতের খবর জানিয়েছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট। এর মধ্যে তাজা গুলিতে আহত হয়েছেন ৩১ জন। তবে হামলার বিষয়ে ইসরাইলি কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি। এদিকে কাফর কাদুম এবং বেইত দাজান শহরেও একই ধরনের ঘটনা ঘটেছে। সেখানে ইসরাইলি বাহিনীর টিয়ার গ্যাসের কারণে অনেক ফিলিস্তিনিকে চিকিত্সা নিতে হয়েছে। এছাড়া হেব্রুনের মাসাফের ইয়াত্তায় অবৈধ দখলের বিরুদ্ধে ফিলিস্তিনের একটি বিক্ষোভ পণ্ড করে দেয় ইসরাইলি বাহিনী। ধারণা করা হয়, পূর্ব জেরুজালেমসহ দখলকৃত পশ্চিম তীরে প্রায় সাড়ে ৬ লাখ মানুষ বসতি গড়েছেন। আন্তর্জাতিক আইন অনুযায়ী, ফিলিস্তিনের দখলকৃত ভূখণ্ডে ইসরাইলের যে কোনো ধরনের বসতি স্থাপন অবৈধ।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ঐ সময় সেনাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে কয়েক জন ফিলিস্তিনি। বিক্ষোভ ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছুড়ে ইসরায়েলি বাহিনী। একপর্যায়ে ফিলিস্তিনিদের লক্ষ্য করে রাবার বুলেট ও তাজা গুলি চালায়। উভয়পক্ষের পালটাপালটি সংঘাতে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে।