আলজাজিরা
তাজিকিস্তানে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে। ধ্বংস হয়ে গেছে বহু ঘরবাড়ি। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ তথ্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
জানা গেছে, স্থানীয় সময় শনিবার সকাল ৭টা ১৪ মিনিটে প্রবল ভূমিকম্পে কেঁপে ওঠে তাজিকিস্তানের পূর্বাঞ্চলীয় জেলা রাশত। কম্পন অনুভূত হয়েছে দেশটির রাজধানী দুশানবেতেও, কম্পনের উত্স থেকে যার দূরত্ব অন্তত ১৬৫ কিলোমিটার। তাজিকিস্তানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা খোবারের তথ্যমতে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৯ এবং এর উত্পত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
তাজিক জরুরি ব্যবস্থাপনা কমিটি জানিয়েছে, ভূমিকম্পের আঘাতে কয়েক ডজন বাড়িঘর ভেঙে গেছে। বিদ্যুত্ বিচ্ছিন্ন হয়ে পড়েছে তাজিকাবাদ জেলার অন্তত তিনটি গ্রাম। নিহতরা সবাই এই গ্রামেরই বাসিন্দা ছিলেন। তাজিক প্রেসিডেন্ট এমোমালি রাখমোন ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে একটি তদন্ত কমিশন গঠনের নির্দেশ দিয়েছেন, যার নেতৃত্বে থাকবেন দেশটির প্রধানমন্ত্রী।
