ইত্তেফাক রিপোর্ট
দেশের পাঁচটি প্রতিষ্ঠানকে ওয়েট-ব্লু চামড়া রপ্তানির অনুমতি দিয়েছে সরকার। গতকাল শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ের (রপ্তানি-১ অধিশাখা) আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রক দপ্তরের প্রধান নিয়ন্ত্রককে দেওয়া চিঠিতে এসব প্রতিষ্ঠানকে ওয়েট-ব্লু চামড়া রপ্তানির পৃথক পৃথক অনুমতি দেওয়া হয়। এএসকে ইনভেস্টমেন্ট, মেসার্স কাদের লেদার কমপ্লেক্স, আমিন ট্যানারি লিমিটেড, লেদার ইন্ডাস্ট্রিজ অব বাংলাদেশ লি. (ইউনিট-২) এবং কালাম ব্রাদারসকে ২০ লাখ বর্গফুট করে মোট ১ কোটি বর্গফুট ওয়েট-ব্লু চামড়া রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। রপ্তানির অনুমতি পত্রে বলা হয়েছে, রপ্তানি নীতি ২০১৮-২১ অনুসরণ করতে হবে। এই অনুমতি শুধু রপ্তানির অনুমতিপ্রাপ্ত ওয়েট-ব্লু চামড়ার নির্ধারিত পরিমাণের ক্ষেত্রে প্রযোজ্য হবে। পরবর্তী রপ্তানিসমূহের জন্য পুনরায় আবেদন করতে হবে। মানসম্মত ওয়েট চামড়া রপ্তানি করতে হবে। রপ্তানি অনুমতির মেয়াদ ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে। এতে বলা হয়েছে, জাহাজীকরণ শেষে রপ্তানি সংশ্লিষ্ট সব কাগজপত্রাদি এ শাখায় দাখিল করতে হবে। যে দেশে রপ্তানির জন্য অনুমতি প্রদান করা হবে সে দেশেই রপ্তানি করতে হবে এবং সরকার প্রয়োজনে যে কোনো সময় ওয়েট-ব্লু চামড়া রপ্তানি নিষিদ্ধ করতে পারবে।
