ইত্তেফাক রিপোর্ট
সাপ্তাহিকভাবে আগের সপ্তাহের মতো বিদায়ী সপ্তাহেও উত্থান হয়েছে শেয়ারবাজারে। সপ্তাহটিতে শেয়ারবাজারের একটি বাদে সব সূচক বেড়েছে। একই সঙ্গে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়েছে আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে। লেনদেনের সঙ্গে সপ্তাহটিতে ডিএসইতে বাজার মূলধন ৩ হাজার কোটি টাকা ফিরেছে।
জানা গেছে, সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ১৪ হাজার ২৮২ কোটি ১৩ লাখ ৪ হাজার টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ১৭ হাজার ১৮২ কোটি ১৮ লাখ ১ হাজার টাকা। অর্থাত্, সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীরা ২ হাজার ৯০০ কোটি ৪ লাখ ৯৭ হাজার টাকা বাজার মূলধনে ফিরেছে। বিদায়ি সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬ হাজার ৪১০ কোটি ৭০ লাখ ৭৩ হাজার ৩৮৮ টাকার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৫ হাজার ৬২৪ কোটি ৬৬ লাখ ২৫ হাজার ৬৩৩ টাকা। অর্থাত্, সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৭৮৬ কোটি ৪ লাখ ৪৭ হাজার ৭৫৫ টাকা বা ১৪ শতাংশ বেড়েছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬২ দশমিক ২৯ পয়েন্ট বা ১ দশমিক শূন্য ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬২১২ দশমিক ৭৭ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২৬ দশমিক ৭৯ পয়েন্ট বা ২ দশমিক শূন্য ৪ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৩৯ দশমিক ৮৩ পয়েন্ট বা ১ দশমিক ৮০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩৪১ দশমিক ৫৫ এবং ২২৪৮ দশমিক ২১ পয়েন্টে।
বিদায়ি সপ্তাহে ডিএসইতে মোট ৩৭৬টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৩০টির বা ৬১ দশমিক ১৭ শতাংশের, কমেছে ১৩৬টির বা ৩৬ দশমিক ১৭ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ১০টির বা ২ দশমিক ৬৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ি সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৮৬ কোটি ৩ লাখ ৭৩ হাজার ৯৪০ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩৮৬ কোটি ১১ লাখ ৮৬ হাজার ২৩৪ টাকার। অর্থাত্, সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ১০০ কোটি ৮ লাখ ১২ হাজার ২৯৪ টাকা বা ২৬ শতাংশ কম হয়েছে।
সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২০৬ দশমিক ৯১ পয়েন্ট বা ১ দশমিক ১৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮০০১ দশমিক ৯৫ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ১১৫ দশমিক ৫৯ পয়েন্ট বা ১ দশমিক শূন্য ৮ শতাংশ, সিএসই-৫০ সূচক ১৮ দশমিক ১১ পয়েন্ট বা ১ দশমিক ৪১ শতাংশ এবং সিএসআই ২৯ দশমিক ৮২ পয়েন্ট বা ২ দশমিক ৭৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০ হাজার ৮১০ দশমিক ৮১ পয়েন্ট, ১৩০৬ দশমিক শূন্য ৭ পয়েন্টে এবং সিএসআই ১১২১ দশমিক ৬৭ পয়েন্টে। তবে সিএসই-৩০ সূচক ৯ দশমিক ৩৪ পয়েন্ট বা শূন্য দশমিক শূন্য ৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৩৩৭৩ দশমিক ৪৩ পয়েন্টে। সপ্তাহ জুড়ে সিএসইতে ৩৩৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২১৩টির বা ৬৩ দশমিক ২০ শতাংশের দর বেড়েছে, ১১২টির বা ৩৩ দশমিক ২৪ শতাংশের কমেছে এবং ১২টির বা ৩ দশমিক ৫৬ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।
