সাপ্তাহিক আগ্রহের শীর্ষে সোনালি লাইফ

আপডেট : ১০ জুলাই ২০২১, ২২:০৯

ইত্তেফাক রিপোর্ট

বিদায়ি সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৩০টির বা ৬১ দশমিক ১৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে সোনালি লাইফ ইনসিওরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে সোনালি লাইফের শেয়ারের ক্লোজিং দর ছিল ১১ টাকায়। আর বিদায়ি সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৬ টাকায়। অর্থাত্ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা বা ৪৫ দশমিক ৪৫ শতাংশ বেড়েছে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রেনউইক যজ্ঞেশ্বরের ৩১ দশমিক ১১ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ২৬ দশমিক ৯৮ শতাংশ, আমান ফিডের ২৪ দশমিক ৩৪ শতাংশ, সিভিও পেট্রোকেমিক্যালের ২৪ দশমিক ১৫ শতাংশ, এপোলো ইস্পাতের ২১ দশমিক ৪৩ শতাংশ, ইনফর্মেশন সার্ভিসেসের ১৯ দশমিক ৫৩ শতাংশ, বিকন ফার্মার ১৯ দশমিক ০৯ শতাংশ, আইটি কনসালটেন্টসের ১৮ দশমিক ৫৬ শতাংশ এবং সিলকো ফার্মার শেয়ার দর ১৮ দশমিক ৩৯ শতাংশ বেড়েছে।