করোনার কারণে ফাঁকা ভাণ্ডারিয়ার কোরবানির পশুর হাট!

আপডেট : ১০ জুলাই ২০২১, ২২:১৭

ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার প্রভাব পড়েছে কোরবানির পশুর হাটে। যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে আগামী ২১ জুলাই উদ্যাপিত হতে পারে পবিত্র ঈদুল আজহা।

উপকূলীয় দক্ষিণাঞ্চলের মধ্যে সব চেয়ে বড় কোরবানির পশুর হাট বসে ঐতিহ্যবাহী ভাণ্ডারিয়া উপজেলার নদমুলা শিয়ালকাঠী ইউনিয়নের স্থানীয় শিয়ালকাঠী মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন পোনা নদীর তীরে। এ হাটে কয়েক যুগ থেকে এ উপজেলা ছাড়াও পার্শবর্তী জেলা, উপজেলা থেকে ক্রেতা-বিক্রেতা আসেন দেশি-বিদেশি গরু, ছাগল ক্রয়বিক্রয় করতে। ভাণ্ডারিয়া বাজারে অন্যান্য পণ্যসামগ্রীর মতো সপ্তাহে প্রতি শনি ও মঙ্গলবার নিয়মিত পশুর হাট বসে।

শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, যেখানে করোনা শুরুর পূর্বে এ হাটে স্থানীয় পাইকার ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে ৭০০-৮০০ গরু-ছাগল বিক্রির জন্য নিয়ে আসত। শনিবার সেখানে মাত্র ৪০/৫০টি স্থানীয় জাতের গরু দেখা গেছে। আলাপকালে স্বাস্থ্যবিধি মেনে হাটে আসা স্বল্পসংখ্যক ক্রেতা-বিক্রেতা জানান, করোনা সংক্রমণ উচ্চহারে বাড়ার ফলে স্বাস্থ্যবিধি মেনে স্থানীয় সরকারের নির্দেশ মোতাবেক তারা হাটে এসেছেন। 

হাটসংলগ্ন শিয়ালকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি কিরন চন্দ্র বসু জানান, জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি ভাণ্ডারিয়া বাজারের ব্যবসায়ী নেতাদের দাবির পরিপ্রেক্ষিতে বাজারের সরকারি খাজনার টাকা ব্যক্তিগতভাবে পরিশোধ করায় পূর্বের চেয়ে বাজারে ছোট, বড়, মাঝারি এবং ভাসমান ব্যবসায়ীর সংখ্যা বেড়েছে। তেমনি ক্রেতার সংখ্যাও অন্যান্য উপজেলার চেয়ে বহু গুণ বেড়েছে।