অ্যাডভোকেট মজিবর রহমান চৌধুরীর ইন্তেকাল

আপডেট : ১০ জুলাই ২০২১, ২২:১৮

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহীর আইনজগতের কিংবদন্তি অ্যাডভোকেট মজিবর রহমান চৌধুরী (৯৮) গত শুক্রবার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। বাদ আসর নগরীর হেতেম খাঁ বড় মসজিদে জানাজা শেষে সংলগ্ন গোরস্থানে তাকে দাফন করা হয়েছে।

তার মৃত্যুতে রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশা ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

নওগাঁর জমিদার পরিবারে জন্ম নেওয়া মজিবর রহমান চৌধুরী একাধারে প্রখ্যাত আইনজীবী, রাজশাহীর প্রগতিশীল রাজনীতির অন্যতম পৃষ্ঠপোষক, অন্যদিকে ইকোনমিক্স, ফিলোসফি, পলিটিকাল সাইন্সেও তার পাণ্ডিত্য ছিল। ৬২-পরবর্তী পাকিস্তানের গণপরিষদের সদস্যও ছিলেন তিনি।

মজিবর রহমান চৌধুরী রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি। এক সময় রাজশাহীতে যে কজন প্রগতিশীল রাজনীতিকে পৃষ্ঠপোষকতা দিয়েছেন, তাদের মধ্যে তিনি অন্যতম। ঘনিষ্ঠ সান্নিধ্য পেয়েছেন মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর। তিনি ছিলেন ভাসানী ন্যাপের কেন্দ্রীয় সহসভাপতি ও রাজশাহী জেলার সভাপতি।