ধোবাউড়ায় ৫ বছরের ছোট্ট প্রিয়মের গাওয়া ‘বড় লোকের বেটিলো’ গানটি ভাইরাল হয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের ছাত্র অনিমেষ রায়ের ফেসবুক আইডি থেকে গানটি পোস্ট করা হলে প্রথম দিনেই ভাইরাল হয়ে যায় গানটি। গত তিন দিনে গানটি কয়েক লাখ বারের বেশি দেখা হয়েছে। ছোট্ট প্রিয়মের জন্য শুভ কামনা জানিয়ে মন্তব্য পড়েছে সাড়ে ৩ হাজারের বেশি। শেয়ার হয়েছে ১১ হাজার বার। ছোট্ট প্রিয়মের গানের ছন্দ আর তালের মুগ্ধতা ছুঁয়েছে অনেকের মন। কেউ কেউ মন্তব্য করেন, কয়েক শ বার শুনেছি গানটি, ছেলেটি অনেক বড় শিল্পী হবে।
প্রিয়মের বাড়ি ধোবাউড়া উপজেলার পোড়াকান্দুলিয়া ইউনিয়নের শাহপাড়া এলাকায়। মা সীক্তা সাহা পরিচালনা করেন ‘সুরশ্রী সংগীত বিদ্যালয়’ নামে একটি সংগীত প্রতিষ্ঠান। সেখানে এলাকার ছোট ছোট ছেলেমেয়েরা গান শেখেন। মায়ের পাশে বসে থেকেই গান গাওয়ার চেষ্টা করে প্রিয়ম। এভাবেই বড় লোকের বেটিলো গানটি মুখস্ত করে ফেলে প্রিয়ম। প্রিয়মের বাড়িতে বেড়াতে গিয়ে তার কণ্ঠে গান শুনে তাকে সঙ্গে নিয়েই গানটি রেকর্ড করেন অনিমেষ। পরে তার আইডি থেকে গানটি পোস্ট করেন।
প্রিয়মের মা সীক্তা সাহা বলেন, আমার পাশে বসে থেকেই গান শিখেছে, তবে তার মধ্যে গানের প্রতি একটু বাড়তি আগ্রহ রয়েছে। প্রিয়মের বাবা ইউনিয়ন যুবলীগের যগ্ম-আহ্বায়ক গৌতম সাহা। তিনি বলেন আমাদের প্রিয়ম ছোট থেকেই নিরামিষভোজী, শান্ত প্রকৃতির এবং সংগীতপ্রিয়। প্রিয়মের জন্য দোয়া চেয়েছেন তিনি।
