ইউএনওকে আপা বলায় ব্যবসায়ীকে মারধরের ঘটনায় পুলিশ সদস্য প্রত্যাহার

আপডেট : ১০ জুলাই ২০২১, ২২:৫৩

সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা

সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনা  লায়লাকে স্যার না বলে আপা বলায় তার নির্দেশে এক ব্যবসায়ীকে পিটিয়ে আহত করার ঘটনায় ঐ পুলিশ সদস্যকে মানিকগঞ্জ জেলা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। জেলা পুলিশ সুপার রিফাত রহমান শামিমের নির্দেশে গতকাল শনিবার তাকে  প্রত্যাহার করা হয় বলে সহকারী পুলিশ সুপার সিংগাইর সার্কেলের রেজাউল হক বিষয়টি নিশ্চিত করেন। রেজাউল হক বলেন, ইউএনওর নির্দেশে সে ব্যবসায়ীকে মারধর করেছে এটা সত্য। আদালত  কাউকে মারার নির্দেশ দিতে পারে না। জনগণের সঙ্গে খারাপ আচরণ তো দূরের কথা, পুলিশ কোনো একজন পাবলিকের গায়েও হাত দিতে পারে না। হাত দেওয়ার কারণেই  পুলিশ সুপার তাকে মৌখিকভাবে প্রত্যাহার করেছেন। পুলিশ সুপার যে কোনো ঘটনায়  প্রত্যাহার করতে পারেন।