কর্ণফুলীর পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ২২:২১

চট্টগ্রাম অফিস

মহানগরীর অংশে কর্ণফুলীর উত্তর পাড়ে দীর্ঘদিন ধরে গড়ে উঠা অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার কাজ সোমবার থেকে শুরু করেছে প্রশাসন। সকালে সদরঘাট পয়েন্ট থেকে এ অভিযান শুরু হয়।

অভিযানের ঘোষণা জানার পর থেকেই নদী পাড়ের অবৈধ কাঁচা, সেমিপাকাসহ বিভিন্ন ধরনের স্থাপনা নিজেদের উদ্যোগে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছিলেন অবৈধ দখলদাররা। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) তাহমিলুর রহমান।

উচ্ছেদ অভিযান চলাকালে র্যাব, পুলিশ, ফায়ার সার্ভিসসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য উপস্থিত থাকেন। অবৈধ স্থাপনা ভাঙার জন্য চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) বুলডোজার, স্ক্যাভেটর, পে-লোডার, ট্রাকসহ বিভিন্ন সরঞ্জাম জোগান দিয়ে সহায়তা করেছে।

অভিযান পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট একজন ম্যাজিস্ট্রেট জানান, হাইকোর্টের রায় অনুযায়ী অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। এসবের মধ্যে রয়েছে সদরঘাট থেকে বারিক বিল্ডিং পর্যন্ত গড়ে তোলা দুই শতাধিক অবৈধ স্থাপনা। এতে আশা করা যায় ১০ একর ভূমি উদ্ধার করা সম্ভব হবে।

তিনি আরও জানান, চট্টগ্রাম বন্দর চ্যানেল, নগরীর জলাবদ্ধতা, পরিবেশ সুরক্ষায় কর্ণফুলীর দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে জেলা প্রশাসন। অভিযানে বন্দর কর্তৃপক্ষ, পরিবেশ অধিদফতর, পিডিবি, বিআইডব্লিউটিএ, ভূমি অফিসসহ সংশ্লিষ্ট সকল সংস্থার প্রতিনিধি সহযোগিতা করছেন।