ফেনীতে ছাত্রলীগ নেতাকে কুপিয়েছে নিজ দলের চাঁদাবাজরা

আপডেট : ১০ জুলাই ২০২১, ২২:৫৩

ফেনী প্রতিনিধি

ফেনী সদর উপজেলার ফরহাদ নগরে জেলা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ ইমনকে কুপিয়েছে নিজ দলের নেতাকর্মীরা। গত শুক্রবার বিকালে ইউনিয়নের খাইয়ারা বাজারে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ইমনকে স্থানীয়রা উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিত্সা শেষে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফরহাদ নগর গ্রামের বাদশা মিয়া বলেন, বৃহস্পতিবার রাতে দাবিকৃত চাঁদা না দেওয়ায় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সজীব হাজারী আমার বাড়িতে এসে বিএনপির লোক সাজিয়ে হামলার চেষ্টা করে। এ সময় আমার চাচাতো ভাই ইমন চিত্কার শুনে আমাকে রক্ষা করে। এ নিয়ে ফয়সাল ও সজীব হাজারীর সঙ্গে ইমনের তর্ক হয়। পরদিন শুক্রবার বিকালে খাইয়ারা বাজারে গেলে আমাদের অপর চাচাতো ভাই নিজামকে মারধর করার খবর পেয়ে ইমনসহ আমরা তাকে রক্ষার জন্য এগিয়ে গেলে সজীব হাজারীর উপস্থিতিতে ফয়সাল তার লোকজন নিয়ে ইমনকে কুপিয়ে জখম করে।

জেলা ছাত্রলীগের সভাপতি সালাহ উদ্দিন ফিরোজ জানান, ইমনের ওপর সন্ত্রাসী হামলার পরপরই আমরা হাসপাতালে গিয়েছি। উন্নত চিকিত্সার জন্য তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপির সঙ্গে সাক্ষাত্ করে বিষয়টি অবগত করেছি। ফরহাদ নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন টিপু জানিয়েছেন, আগের দিনের ঘটনায় বাগিবতণ্ডাকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে। যে বা যারাই করুক এটি ন্যক্কারজনক ঘটনা।

ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দিন জানান, হামলার ঘটনা শুনেছি। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।