বরিশাল অফিস
বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ইউনিটে আরো ১৩ জন রোগীর মৃত্যু হয়েছে। এখনো চিকিত্সাধীন রয়েছেন সর্বাধিক ২৮৪ জন রোগী। গতকাল শনিবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। অপরদিকে মেডিক্যাল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় সব শেষ করোনা শনাক্ত হয়েছে ৬৫ দশমিক ৮২ শতাংশ। এদিকে এক দিনে ২৮৪ জন রোগী চিকিত্সাধীন এবং ১৩ জন রোগী মারা যাওয়ার ঘটনা এই হাসপাতালে প্রথম।
হাসপাতালের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, শুক্রবার করোনা ওয়ার্ডে ভর্তি ছিল মোট ২৪৪ জন রোগী। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ জন। একই সময়ে বিভিন্ন উপসর্গ নিয়ে ৬২ জন রোগী ভর্তি হয়েছেন। ২২টি আইসিইউ বেডে চিকিত্সাধীন রয়েছেন মুমূর্ষু ২২ জন রোগী। গতকাল সকাল ৮টা পর্যন্ত চিকিত্সাধীন ছিলেন সর্বাধিক ২৮৪ জন রোগী। যার মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৫৫ জনের। গতকাল দুপুর পর্যন্ত মারা গেছে ১৩ জন রোগী। এর মধ্যে চার জনের করোনা পজেটিভ ছিল। গত বছরের মার্চে করোনা ওয়ার্ড চালুর পর এক দিনে ২৮৪ জন রোগী ভর্তি থাকা এবং ১৩ জন রোগী মারা যাওয়ার ঘটনা এই প্রথম। এর আগের ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে এক জন পজিটিভসহ মারা যায় আট জন রোগী।
মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবের প্রকাশিত গত শুক্রবার রাতের সব শেষ রিপোর্টে ১৯৯ জনের নমুনা পরীক্ষায় মধ্যে ১৩১ জনের করোনা পজেটিভ। শনাক্তের হার ৬৫ দশমিক ৮২ শতাংশ। এর আগের দিন শনাক্তের হার ছিলো ৫৩ দশমিক ৯৫ শতাংশ। গত সোমবার রাতে প্রকাশিত পিসিআর ল্যাবের রিপোর্টে সবার্ধিক ৭৩ দশমিক ৯৩ শতাংশ করোনা শনাক্ত হয়েছিল। গত বছর মার্চ থেকে এ পর্যন্ত মেডিক্যালে করোনা ওয়ার্ডে মোট ৮১৭ জন ব্যক্তির মৃত্যু হয়েছে। যার মধ্যে করোনা শনাক্ত হয়েছিল ২২৯ জনের।
